অগ্রানোগ্রাম বাস্তবায়নের দাবিতে বাকৃবিতে পশুপালন শিক্ষার্থীদের মানববন্ধন
বাকৃবি প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের শিক্ষার্থীরা। পশুপালন পেশা উন্নয়নে অবিলম্বে অগ্রানোগ্রাম বাস্তবায়ন, এন এ টিপি সহ অন্য প্রকল্প বাস্তবায়ন, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা পদে পশুপালন গ্রাজুয়েটদের চাকরি নিশ্চিত করার দাবিতে এ কর্মসূচি পালন করেন তারা।
জানাযায়, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলানায়নের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় অনুষদের বিভিন্ন লেভেলের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা অবিলম্বে তাদের নায্য দাবি অবিলম্বে মেনে নেওয়ার আহ্বান জানান। অন্যথায় ক্লাস পরীক্ষা বন্ধ রেখে লাগাতার আন্দোলন করবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন শিক্ষার্থীরা।
ছাত্রনেতা হাসান বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য দেন ইফতেখার সুমন, কোকিল চন্দ্র বিশ্বাস, ইসতিয়াক পিহান, ফিরোজ মাহমুদ, মাজেদ সরকার, রাশমনি তিশা প্রমুখ।
উল্লেখ্য,গত বুধবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের মিটিং এ পশুপালন অনুষদের কোর্স কারিকুলাম ও সিলেবাস সংস্কারের বিষয়ে কোনো আলোচনা না হলে ওই অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়। এরপর তারা পশুপালন অনুষদে মিটিং করে আন্দোলনের সিদ্ধান্ত নেয়।

