প্রাথমিক শিক্ষার উন্নয়নে জাপানের সাড়ে ৩৭ কোটি টাকা অনুদান
নিজস্ব প্রতিবেদক:
তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচিতে (পিইডিপি-৩) ৩৭ কোটি ৫১ লাখ টাকা অনুদান দিচ্ছে জাপান। বৃহস্পতিবার ‘প্রাথমিক শিক্ষা উন্নয়নে সাড়ে ৩৭ কোটি টাকা অনুদান জাপানের’ শীর্ষক এক প্রতিবেদনে এটা বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বুধবার রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুদান সম্পর্কিত চুক্তিতে স্বাক্ষর করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) ভারপ্রাপ্ত সচিব কাজী শফিকুল আযম এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রধান প্রতিনিধি তাকাতোশি নিশিকতা এবং বিনিময় নোটে স্বাক্ষর করেন জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে।
জাপানের রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশে জাইকার সহযোগিতার অন্যতম অগ্রাধিকার হলো শিক্ষা। তাই ধারাবাহিকভাবে এ খাতে সহযোগিতা অব্যাহত রয়েছে।’
ইআরডির ভারপ্রাপ্ত সচিব শফিকুল আযম বলেন, ‘জাপান বাংলাদেশের একক বৃহত্তম দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগী দেশ। নমনীয় ঋণ ছাড়াও বিভিন্ন প্রকল্পে অনুদান ও কারিগরি সহায়তা দিয়ে আসছে। এর মধ্যে পরিবেশ সুরক্ষা ও মানবসম্পদ খাত অন্যতম।’
সূত্র: ইত্তেফাক

