জবিতে বসন্ত বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত। বসন্ত উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের উদ্যোগে সোমবার, সকাল ১১টায় ‘বসন্ত বরণ-১৪২৩’ উদ্যাপন অনুষ্ঠান ভাষা শহীদ রফিক ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

এসময় উপাচার্য বলেন, ‘যে জাতি যত বেশি উৎসব মুখর হবে, সে জাতির তত বেশি সাংস্কৃতিক উন্নয়ন ঘটবে। এই ধরনের উৎসব উদযাপনে কোনো বাধা-বিপত্তি না থাকলে দেশ ও জাতির মানসিক ও বাস্তবিক উন্নয়ন হবে।’

বিশেষ অতিথি হিসেবে ট্রেজারার অধ্যাপক ড. সেলিম ভূঁইয়া ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম বক্তব্য প্রদান করেন। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের সভাপতি ও বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আরজুমন্দ আরা বানু এবং স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলা বিভাগ সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক ড. পারভীন আক্তার জেমী।

নৃত্য, গান ও আবৃত্তি পরিবেশনার মধ্য দিয়ে বসন্ত বরণ উদ্যাপিত হয়। অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী উপভোগ করেন।

  •  
  •  
  •  
  •  

Tags: