রাবি চলচ্চিত্র সংসদের নবীনবরণ অনুষ্ঠিত
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। সোমবার বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুনদের বরণ করে নেয়া হয়।
অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এরপর মুক্তিযুদ্ধকে উপজীব্য করে হুমায়ুন আহমেদের কাহিনী অবলম্বনে মোরশেদুল ইসলামের চলচ্চিত্র ‘অনিল বাগচীর একদিন’ এবং একাত্তরের যুদ্ধশিশুদের নিয়ে শবনম ফেরদৌসী নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র ‘জন্মসাথী’ প্রদর্শন করা হয়। এছাড়াও ফাল্গুনের কবিতা ও গানের আয়োজন করা হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের প্রতিষ্ঠাতা এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ড. সাজ্জাদ বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহম্মদ মিজানউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবি চলচ্চিত্র সংসদের প্রধান উপদেষ্টা কথা সাহিত্যিক হাসান আজিজুল হক, রাজশাহী ফিল্ম সোসাইটির সভাপতি আহসান কবীর লিটন, ঋত্বিক ঘটক চলচ্চিত্র সংসদের সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন মাসুদ প্রমুখ।

