ইবির বাতিলকৃত ভর্তি পরীক্ষা ১৬ মার্চ
ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘এফ’ ইউনিটে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় বাতিলকৃত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৬ মার্চ।
ভারপ্রাপ্ত রেজিস্টার এসএম আব্দুল লতিফ জানান, মঙ্গলবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয় উপাচার্যের সভাপতিত্বে ভর্তি কমিটির এক জরুরি সভায় এই সিদ্ধান্ত হয়।
এদিকে পুনরায় ভর্তি পরীক্ষার সিদ্ধান্তের প্রতিবাদে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী শির্ক্ষাথীরা। ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে শিক্ষার্থীরা দাবি জানান, যারা প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত শুধু তাদেরকেই শাস্তি দেয়া হোক। ভর্তি কেন বাতিল করা হবে।
ভর্তি বহাল না রাখা হলে উচ্চ আদালতে যাওয়ারর পাশাপাশি শিক্ষার্থীরা কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন।
প্রসঙ্গত, গতকাল সোমবার কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এফ ইউনিটের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় অভিযুক্ত গণিত বিভাগের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম ও দুই কর্মচারীকে সাময়িক বহিষ্কার, ১০০ শিক্ষার্থীর ভর্তি বাতিল এবং এক ছাত্রকে আজীবন বহিষ্কার করে ইবি প্রশাসন। সিদ্ধান্ত হয় এই পরীক্ষা বাতিল করে নতুন পরীক্ষা নেয়ার।

