গণ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. মাহমুদ শাহ কোরেশী’র বিদায় সংবর্ধনা

গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
গণ বিশ্ববিদ্যালয়ে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডীন এবং বাংলা বিভাগের অধ্যাপক ড. মাহমুদ শাহ কোরেশী’র বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ৯মার্চ ২০১৭, বৃহস্পতিবার সকালে একাডেমিক ভবনের সভাকক্ষে আয়োজিত এ বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডা. দেলওয়ার হোসেন।

অনুষ্ঠানের শুরুতেই অধ্যাপক ড. মাহমুদ শাহ কোরেশী’কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তার দীর্ঘদিনের সহকর্মী গণ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ দেলোয়ার হোসেন। বিদায়ী অনুষ্ঠানে বক্তরা বলেন- অধ্যাপক ড. মাহমুদ শাহ একজন অসাধারণ সুমার্জিত, অসীম ধৈর্য ও সহনশীল ব্যক্তি। আদর্শ শিক্ষক হওয়ার পাশাপাশি একজন সহকর্মী হিসেবে তিনি ছিলেন উদার ও নির্ভেজাল পরামর্শক। এই শিক্ষকের রয়েছে অসংখ্য গ্রন্থ , প্রবন্ধ ও গবেষণা কর্ম। তার এসব জ্ঞানের ভান্ডার শিক্ষক ও নবীন শিক্ষকদের পথ দেখাবে, প্রেরণা যোগাবে। ১৯৯৮ সালে গণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় ও এর উন্নয়নে অধ্যাপক ড. মাহমুদ শাহ কোরেশীর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। সাবেক উপাচার্য ও ফার্মেসী বিভাগের অধ্যাপক মেসবাহউদ্দিন আহমেদ, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের বর্তমান ডীন অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল জুবেরী, ভৌত ও গাণিতিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. হাসিন অনুপমা আজহারী, পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্ত্তজা আলী, বাংলা বিভাগের প্রধান ড. আবেদা আফরোজা, ইংরেজি বিভাগের অধ্যাপক মনসুর মুসাসহ অনেকেই বক্তব্য রাখেন। পরে বিদায়ী অধ্যাপকের হাতে সম্মাননা স্মারক ও চেক তুলে দেয়া হয়।

উল্লেখ্য , ড. মাহমুদ শাহ কোরেশী ভাষা ও সাহিত্যে অসাধারণ অবদানের জন্য ফরাসী সরকার কর্তৃক একাধিক পুরস্কার ও শিক্ষায় বিশেষ অবদানের জন্য রাষ্ট্রীয় একুশে পদকে ভূষিত হন। বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক মাহমুদ শাহ কোরেশী স্যার ফরাসী ভাষায়ও সিদ্ধহস্ত। ফরাসী, ইংরেজি ও বাংলা সব ভাষাতেই তিনি সাবলীল এবং বহু গল্প, অনুবাদ, গবেষণা ও সম্পাদিত গ্রন্থ-পুস্তক তিনি রচনা করেন।

  •  
  •  
  •  
  •  

Tags: