ঢাবিতে ৮ম বায়োকেমিস্ট্রি অলিম্পিয়াড অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বিজ্ঞানে আগ্রহী শিক্ষার্থীদের অংশগ্রহণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে অষ্টম বায়োকেমিস্ট্রি অলিম্পিয়াড।
রোববার ব্র্যাক ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাংকের সঙ্গে মিলে শনিবার কার্জন হল প্রাঙ্গণে এ অলিম্পিয়াড আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ।
অলিম্পিয়াডে বিজয়ী দুই প্রতিষ্ঠানকে মাইক্রোস্কোপ দেওয়া হয় ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে। বিজয়ী শিক্ষার্থীদের দেওয়া হয় প্রাইজবন্ডসহ বিভিন্ন পুরস্কার।
অলিম্পিয়াডে ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন স্কুল-কলেজের পাঁচ শতাধিক শিক্ষার্থীর যোগ দেওয়ার কথা জানানো হয় বিজ্ঞপ্তিতে। দিনব্যাপী আয়োজনে ছিল কুইজ পরীক্ষা, পোস্টার প্রদর্শনী, বক্তৃতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের এমেরিটাস অধ্যাপক এ কে আজাদ চৌধুরী ছিলেন অলিম্পিয়াড বক্তা।
অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ইমদাদুল হক, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সায়েদুল ইসলাম, ব্র্যাক ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও আবদুল কাদের জোয়াদ্দার, ৮ম বায়োকেমিস্ট্রি অলিম্পিয়াডের সদস্য সচিব শান্তনু সাহা রায় উপস্থিত ছিলেন।

