বাকৃবিতে ২৫ মার্চকে ‘আন্তর্জাতিক গণহত্যা দিবস’ হিসেবে স্বীকৃতির দাবি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষকেরা। আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক ফোরাম বুধবার এক মানববন্ধন থেকে এ দাবি জানায়।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে ওই মানববন্ধনের আয়োজন করা হয়।

গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর ড. মো. আবদুর রহমান সরকারের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবর, ছাত্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী, প্রফেসর ড. সৈয়দ সাখাওয়াত হোসেনসহ বিভিন্ন অনুষদের শিক্ষক, অফিসার ও কর্মকতাবৃন্দ।

মানববন্ধন সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. সাইদুর রহমান।

মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্বে হলোকস্ট ও আর্মেনীয় গণহত্যা যেভাবে আলোচিত হয় আমাদের ২৫ মার্চের মহান ত্যাগ ততটা আলোচনায় আসে না। দীর্ঘদিন পরে হলেও গণহত্যা দিবস পালনের সিদ্ধান্ত জাতীয় সংসদে গৃহীত হয়েছে। এটি ঐতিহাসিক সিদ্ধান্ত। আমরা এই দিবসকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি প্রদানের দাবি জানাই। এর ফলে যেখানেই গণহত্যার চেষ্টা চলবে তার বিরুদ্ধে মানুষের চেতনা জাগ্রত হবে।

  •  
  •  
  •  
  •  

Tags: