বাকৃবিতে দুইদিন ব্যাপী আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা শনিবার

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দুইদিন ব্যাপী আন্তঃহল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল শনিবার এই প্রতিযোগিতা শুরু হবে।

কাল ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে ওই প্রতিযোগিতার উদ্বোধন করা হবে। এ উপলক্ষে আজ শুক্রবার (১৭ ই মার্চ) বিকেলে ৪টার দিকে অলিম্পিক মশাল র‌্যালির আয়োজন করা হয়।

ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের পরিচালক ড. মো. আবুল কালাম আজাদ জানান, উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবর।

বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য প্রফেসর ড. মো. জসিমউদ্দিন খান, ডিন কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর মো.আবদুর রশীদ, প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. মো. সাদিকুল ইসলাম ও প্রক্টর প্রফেসর ড. এ.কে.এম জাকির হোসেন উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, দৌড়, হাই জাম্প, লং জাম্প, গোলক নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, বর্শা নিক্ষেপ ও যেমন খুশি তেমন সাজো সহ মোট ২২ টি ইভেন্টে (ছেলেদের ১২ টি ও মেয়েদের ১০ টি) ১৩ টি হলের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

  •  
  •  
  •  
  •  

Tags: