বাকৃবিতে ছাত্রলীগের ওপর হামলায় মামলা, ২জন গ্রেপ্তার

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পূর্বশত্রুতার জের ধরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের তিন কর্মীর ওপর বহিরাগতদের হামলার ঘটনায় মামলা হয়েছে। মামলার পরেই ২জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল সোমবার রাত দেড়টার দিকে বলাশপুরের মুন্না ও বাপ্পীসহ অজ্ঞাতনামা ১৫-২০ জনকে আসামি করে মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কোতোয়ালি থানার ওসি কামরুল আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, সোমবার সন্ধ্যায় ছাত্রলীগের তিন কর্মী ইমতিয়াজ আবির, হাসান বিশ্বাস ও রাসেল আহমেদ মোটরসাইকেল নিয়ে শহর অভিমুখে যাচ্ছিলেন। এ সময় কেওয়াটখালী রেলক্রসিংয়ে তাদেরকে থামিয়ে মোটরসাইকেল ভাঙচুর করে তাদের ওপর হামলা চালায় বহিরাগতরা। এরপর পরে স্থানীয় কয়েকজন যুবলীগকর্মী ঘটনাস্থলে এসে তাদেরকে উদ্ধার করেন।

ঘটনার প্রতিবাদে বাকৃবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা রাত ৯টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে উপাচার্যর বাসভবন ঘেরাও করেন। পরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা, প্রক্টর ও সহকারী প্রক্টরের আশ্বাসে সেখান থেকে হলে ফিরে যান ছাত্রলীগকর্মীরা।

ইমতিয়াজ আবির বলেন, “ক্যাম্পাসের একজন সাধারণ ছাত্রের ফোন ছিনতাই করার সময় কিছু বখাটেকে বিকেল ৫টার দিকে ব্রহ্মপুত্র নদের পাড়ে আটকানো হয়। সেখানে সাধারণ ছাত্রদের সঙ্গে বখাটেদের হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে সন্ধ্যা সোয়া ৬টার দিকে কেওয়াটখালি বাইপাসে মোড়ে আমাদের ওপর হামলা করা হয়। “

বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা মহিউদ্দিন হাওলাদার বলেন, “ময়মনসিংহের বলাশপুরের বাপ্পী ও মুন্নাসহ অজ্ঞাতনামা ১৫-২০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. এ কে এম জাকির হোসেন বলেন, “ঘটনায় বিশ্ববিদ্যালয়ের বাইরের কিছু ছেলে যুক্ত থাকায় যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য ময়মনসিংহের পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। “

  •  
  •  
  •  
  •