বাকৃবিতে ছাত্রলীগের উপর ছাত্রদলের হামলায় মামলা: গ্রেফতার ৩
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শাখা ছাত্রলীগের আট কর্মীকে পিটিয়ে জখম করেছে শাখা ছাত্রদল নেতাকর্মীরা। ছাত্রদলের লিফলেট বিতরণকে কেন্দ্র করে বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের হর্টিকালচার সেন্টারে এ ঘটনা ঘটে। এতে রাতে ২০ জনের নামে মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ মামলায় বৃহস্পতিবার তিনজনকে গ্রেফতার করছে পুলিশ।
জানা যায়, বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে উত্পাদনমুখী শিক্ষা ব্যবস্থার দাবি নিয়ে লিফলেট বিতরণ করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। খবর পেয়ে ছাত্রলীগের বেশ কিছু নেতাকর্মী প্রধান ফটকে গিয়ে লিফলেট বিতরণে বাধা দেয়। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা ছাত্রলীগের কর্মীদের ধাওয়া করে হর্টিকালচার সেন্টারে নিয়ে বেধড়ক পেটায়। এতে ছাত্রলীগের আটজন আহত হয়। পরে চারজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় বুধবার রাতে প্রধান নিরাপত্তা কর্মকর্তা মো. মহিউদ্দিন হাওলাদার বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখ করে এবং ৫০-৬০ জন অজ্ঞাতনামায় মামলা করেন। এদের মধ্যে ১৩ জন ছাত্রদল কর্মী ও সাতজন স্থানীয়। ছাত্রদলের মধ্যে হলেন শাখা ছাত্রদলের সভাপতি ইয়ার মাহমুদ, জ্যেষ্ঠ সহ-সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক জসিমউদ্দিন জনি, জ্যেষ্ঠ যুগ্ম-সম্পাদক আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন, দপ্তর সম্পাদক আতিকুর রহমান ও মো. শোয়েব, কাফি প্রমুখ। গ্রেফতারকৃত তিনজন হলেন শেষ বর্ষের শিক্ষার্থী ছাত্রদল কর্মী ইমরুল কায়েস ও স্থানীয় হান্নান, ফরহাদ।
এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রুবেল বলেন, ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য ছাত্রদলের নেতাকর্মীরা লিফলেট বিতরণের নাটক করেছে। বিশৃঙ্খলা ঠেকাতে গিয়ে ছাত্রলীগের কর্মীরা আহত হয়েছে।
একই বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক জসিমউদ্দিন বলেন, সুশৃঙ্খলভাবে লিফলেট বিতরণে ছাত্রলীগের কর্মীরা বাধা দেয়। এক পর্যায়ে তারা হামলা চালাতে শুরু করলে আমরা প্রতিহত করার চেষ্টা করি।
ময়মনসিংহের কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

