সরকারি হচ্ছে ২৮৫ কলেজ
নিজস্ব প্রতিনিধি:
আরও ২৮৫ টি কলেচকে সরকারি করতে যাচ্ছে সরকার। এরই মধ্যে চূড়ান্ত করা এসব কলেজকে প্রয়োজনীয কাগজপত্র পাঠাতে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
গত বৃহস্পতিবার মন্ত্রণালয় এক আদেশে জরুরি ভিত্তিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সচিবের বরাবর রেজিস্ট্রি করা দানপত্র দলিল (ডিড অব গিফট) পাঠাতে নির্দেশ দেয় বলে ২৩ এপ্রিল রোববার জানা গেছে।
শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রগুলো জানিয়েছে, যেসব উপজেলায় সরকারি কলেজ নেই, সেগুলোতে একটি করে কলেজ সরকারি করার পরিকল্পনার অংশ হিসেবে এ সিদ্ধান্ত হয়েছে। এসব কলেজের আত্তীকৃত হওয়া শিক্ষকেরা আপাতত অন্য কলেজে বদলি হতে পারবেন না।
শিক্ষা মন্ত্রণালয় ও মাউশি সূত্র জানায়, বর্তমানে সরকারি কলেজ ৩২৭টি। নতুনগুলো হওয়ার পর মোট সংখ্যা দাঁড়াবে ছয় শতাধিক।

