কুবি ছাত্রলীগের প্রথম সম্মেলন শনিবার

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
ছাত্রলীগের কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার প্রথম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে শনিবার। বিশ্ববিদ্যালয়ের মূল ফটক সংলগ্ন ভলিবল মাঠে সকাল ১১টায় এ সম্মেলন শুরু হবে। শাখা ছাত্রলীগ বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগকে শক্তিশালী এবং গতিশীল করার লক্ষে গত মাসে সম্মেলন আয়োজনের নির্দেশ দেয় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ। প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য এ সম্মেলনের মাধ্যমেই নতুন নেতৃত্ব নির্বাচিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাই এ নিয়ে নেতা-কর্মীদের মধ্যে বাড়তি উত্তেজনা ও আগ্রহ সৃষ্টি হয়েছে। পছন্দের প্রার্থীকে আগত কমিটিতে স্থান দিতে ইতিমধ্যেই নেতা-কর্মীদের মধ্যে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে প্রচারণা চলছে।

এদিকে অনুষ্ঠিতব্য সম্মেলনকে ঘিরে সব ধরনের আয়োজন সম্পন্ন করা হয়েছে। পুরো ক্যাম্পাসকে সাজানো হয়েছে বিভিন্ন স্লোগান সম্বলিত পোস্টার, ফেস্টুন ও ব্যানার দিয়ে। নির্মাণ করা হয়েছে বেশ কয়েকটি তোরণ। এছাড়া আমন্ত্রিত অতিথিদের নিরাপত্তার বিষয়টি চিন্তা করে নেয়া হয়েছে বাড়তি সতর্কতা।

জানা যায়, শনিবার সম্মেলন উদ্বোধন করবেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনা মন্ত্রী ও কুমিল্লা (দক্ষিণ) জেলা আওয়ামী লীগের সভাপতি আ. হ. ম. মুস্তফা কামাল এফসিএ (লোটাস কামাল)। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলী আশরাফ।

এছাড়াও সম্মেলনে প্রধান বক্তার আসনে থাকবেন ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক বি এম এহতেশাম ও কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপ-ক্রীড়া সম্পাদক মিজানুর রহমান রুদ্র। শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজা-ই-এলাহীর সঞ্চালনায় সম্মেলনে সভাপতিত্ব করবেন শাখা ছাত্রলীগ সভাপতি নাজমুল হাসান আলিফ।

  •  
  •  
  •  
  •