তুচ্ছ ঘটনায় রাবি ছাত্রলীগের দু’পক্ষের হাতাহাতি

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দু পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। শনিবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্ত্বরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ছাত্রলীগ সূত্রে জানা গেছে, সাপ্তাহিক মিছিলের অংশ হিসেবে শনিবার দুপুর ১২টায় কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনের জড়ো হন ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় মিছিলে দাঁড়ানোর সময় শের-ই-বাংলা হল ছাত্রলীগ কর্মী রানার পায়ের সাথে আরেকজন কর্মীর পা লাগে। এতে খানিকটা কথা কাটাকাটি হয়। পরে মিছিল শেষ হলে বিষয়টি ছাত্রলীগ সভাপতির অনুসারী ও মার্কেটিং বিভাগের শিক্ষার্থী সাব্বিরকে জানান রানা।

এসময় সাব্বিরের সাথে রানার পায়ে পা লাগানো ওই কর্মীর কথাকাটাকাটি হয়। এর এক পর্যায়ে সেখানে উপস্থিত হন ছাত্রলীগ সাধারণ সম্পাদকের অনুসারী ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী হৃদয়। এসময় সাব্বির ও হৃদয়ের মধ্যে কথাকাটাকাটি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে হৃদয়কে মারধর করেন সাব্বির ও তার সাথে থাকা কয়েকজন ছাত্রলীগ কর্মী।

এ ঘটনা জানার সাথে সাথে রাবি ছাত্রলীগ সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু সাব্বির ও হৃদয়সহ ঘটনার সাথে জড়িতদের সবাইকে নিয়ে বসে মিমাংসা করে দেন।

তবে এ বিষয়ে জানতে চাইলে ভুক্তভোগী হৃদয় ও মারধর করা সাব্বির দুজনেই বলেন, ‘ছোট একটি বিষয় নিয়ে ছোট ভাই-বড় ভাইয়ের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিলো। পরে সভাপতি ও সাধারণ সম্পাদক বসে বিষয়টি সমাধান করে দিয়েছেন।’

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ‘বিষয়টি শোনার সাথে সাথেই সাব্বির ও হৃদয়কে নিয়ে বসে মিমাংসা করে দেয়া হয়েছে। তবে মারধরের ঘটনা ঘটেনি। বরং কথা-কাটাকাটি হয়েছে।’

  •  
  •  
  •  
  •