রাবি উপাচার্যকে জড়িয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে শিক্ষকদের বিবৃতি
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুস সোবহানকে জড়িয়ে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ সংবাদ প্রকাশে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ১৮২ জন শিক্ষক। রোববার বিকেলে দেয়া বিবৃতির সঙ্গে ১৮২ শিক্ষকের স্বাক্ষরও যুক্ত করা হয়।
বিবৃতিতে বলা হয়, গত ৯ মে একটি জাতীয় দৈনিকে ‘বিতর্কিত সেই শিক্ষকই ফের রাবি উপাচার্য’ শিরোনামে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুস সোবহানের আগের মেয়াদকালে নিয়োগ সংক্রান্ত যে তথ্য পরিবেশন করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমরা সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছি। সকল বিধি-বিধান মেনে আমাদের নিয়োগ দেয়া হয়। অথচ প্রকাশিত ওই সংবাদে আর্থিক লেনদেনের অভিযোগ তুলে মেধা ও যোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে।
একই সঙ্গে দ্বিতীয়বার নিয়োগ পাওয়ায় বিশেষ মহল ঈর্ষান্বিত হয়ে অধ্যাপক মো. সোবহানের বিরুদ্ধে যে অপপ্রচার চালাচ্ছে, তা দুরভিসন্ধিমূলক বলে আমরা বিশ্বাস করি। বিবৃতিতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে সংবাদ কর্মীদের সংবাদ প্রকাশে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান শিক্ষকরা।

