রাকসু নির্বাচন সহ ২৪ দফা দাবিতে ছাত্রলীগের স্মারকলিপি প্রদান
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
আজ (১৬ মে) রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনসহ ২৪ দফা দাবি জানিয়ে উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহানের কাছে স্মারকলিপি প্রদান করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
রাকসু নির্বাচনের বিষয়ে রাবি শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের জন্য সৎ, যোগ্য, বলিষ্ঠ ও দেশপ্রেমিক নেতৃত্বের প্রয়োজন। যা রাকসু নির্বাচনের মাধ্যমে তৈরি হবে।’
তাদের অন্য দাবিগুলো হলো- আবাসন সমস্যা নিরসন, নবনির্মিত শহীদ বুদ্ধিজীবি স্মৃতিফলক সংস্কার, বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতি স্থাপন, বিভাগ ও হলে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি টাঙানো, শহীদ ফারুক স্মৃতিফলক নির্মাণ, বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত ছাত্রলীগ নেতাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার, জঙ্গি অপতৎপরতা ঠেকানো জিরো টলারেন্স নীতি গ্রহণ, বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন সেলকে শক্তিশালীকরণ, শিক্ষা ও গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি, ক্যাম্পাসের রাস্তাঘাট সংস্কার।
এছাড়া, বহিরাগত মটরসাইকেলের অবাধ অনুপ্রবেশ বন্ধ, বাসস্ট্যান্ডের জলাবদ্ধতা দূরীকরণ ও সংস্কার, চিকিৎসাকেন্দ্রের চিকিৎসা সেবার মান উন্নয়ন, প্যারিস রোডসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ, পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, কেন্দ্রীয় গ্রন্থাগারকে শীততাপ নিয়ন্ত্রীতকরণ, হলের ডাইনিং ও ক্যান্টিনে খাবারের মান উন্নয়ন, পুরো ক্যাম্পাসকে ওয়াই-ফাইয়ের আওতায় আনা, সান্ধ্য আইন বাতিলসহ নিরাপত্তা বৃদ্ধি, পর্যাপ্ত বৈদ্যুতিক বাতির ব্যবস্থাকরণ, পুরো ক্যাম্পাসকে সিসিটিভির আওতায় আনা, দশম সমাবর্তন আয়োজননের সঙ্গে প্রতিবছর সমাবর্তন আয়োজন ও সজীব ওয়াজেদ জয়ের নামে বিশ্ববিদ্যালয়ে আইটি পার্ক প্রতিষ্ঠা করা।
স্মারকলিপি প্রদানের বিষয়টি স্বীকার করে রাবি উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান বলেন, ‘তাদের দাবিগুলো যৌক্তিক। দাবিগুলো পূরণের জন্য পদক্ষেপ গ্রহণ করা হবে।’
স্মারকলিপি প্রদানের সময় রাবি শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

