বাকৃবিতে পোস্টারের উপর পোস্টার সাঁটায় ছাত্রফ্রন্ট নেতাকে পেটাল ছাত্রলীগ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে ছাত্র ফ্রন্টের (বাসদ) দুই নেতাকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। মারধরের শিকার ছাত্র ফ্রন্টের সহ-সভাপতি সুজন রায় ও সহ-সম্পাদক আশিকুর রহমান পুলক। বুধ্বার ভোর ৪ টার দিকে ছাত্রদের আবাসিক আশরাফুল হক হলে ওই ঘটনা ঘটে।

জানা গেছে, গত সোমবার ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ঘেরাও কর্মসূচীর পোস্টার সাঁটায় শাখা ছাত্র ফ্রন্ট। এসময় তাঁরা আশরাফুল হক হলের দেয়াল ও নোটিশ বোর্ডে শাখা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম সম্বলিত পোস্টারের উপর তাঁদের পোস্টার সাঁটায়।

এতে ওই হলের ছাত্রলীগ কর্মীরা ক্ষীপ্ত হয়ে ওঠে। এই ঘটনার জের ধরে ভোর রাতে হলের ১০২ নম্বর কক্ষে অবস্থানকারী ছাত্র ফ্রন্ট কর্মীদের মারধোর করে এবং হলের অতিথি কক্ষে ডেকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে ছাত্রলীগ কর্মীরা। এসময় ছাত্র ফ্রন্ট (বাসদ) সভাপতি সৌরভ দাস উপস্থিত হয়ে ভুল স্বীকার করার পরও তাঁদেরকে হল থেকে বের করে দেয়া।

এবিষয়ে ছাত্র ফ্রন্টের (বাসদ) সভাপতি সৌরভ দাস বলেন, আতিক, নাজমুল, পিয়াল, শাবাব, কামরুজ্জামান, জাহাঙ্গীর, রাকিবসহ প্রায় ৪০-৫০ ছাত্রলীগকর্মী আমাদের উপর আক্রমন করে। এই ব্যাপারে ওই সভাপতি বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

তবে ঘটনাটি অস্বীকার করে ছাত্রলীগ কর্মী আতিক বলেন, ছাত্রফ্রন্টের দুই দলের মধ্যেই সংঘর্ষ হয়েছে। বিষয়টি সম্পর্কে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি মো. সবুজ কাজী বলেন, ঘটনাটি শুনেছি। পরে প্রক্টরের উপস্থিতিতে বিষয়টি সমাধান হয়েও গেছে বলে জানতে পেরেছি।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড.এ.কে.এম জাকির হোসেন বলেন, দেয়ালে পোস্টার সাঁটানোকে কেন্দ্র করেই ঘটনাটি ঘটেছে। আমি ঘটনা স্থলে থেকে ছাত্রফ্রন্ট নেতাদের হলে উঠিয়ে দেই। পরে দুই পক্ষকে নিজেদের মধ্যে বসে মিমাংসা করে নিতে বলা হয়েছে।

  •  
  •  
  •  
  •  

Tags: