বাকৃবির দুই শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) দুই শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন করেছেন ভেটেরিনারি অনুষদের সকল শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৮মে) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গত ৬ মে মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের প্রফেসর ড. মারজিয়া রহমান বাবার মৃত্যুর খবর পেয়ে তার স্বামীর সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের প্রধান প্রফেসর ড. মাহমুদুল আলমসহ সপরিবারে বাড়ি যাচ্ছিলেন। এ সময় ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি তাদের গাড়িকে সামান্য ধাক্কা দিয়ে সামনে গিয়ে দাঁড়ায়। পরে ইউএনও’র গাড়ির চালক বেরিয়ে এসে ওই গাড়ির চালকসহ শিক্ষকদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পরিচয় জানা সত্ত্বেও গাড়িতে বসে থাকা ইউএনও আবুল কালাম মোহাম্মদ শাহীন কোনো প্রতিবাদ করেননি।
এ ঘটনায় অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধনের আয়োজন করেন। তারা ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
মুঠোফোনে ইউএনও আবুল কালাম মোহাম্মদ শাহীন এর সঙ্গে কথা বললে তিনি ঘটনার কথা স্বীকার করেন এবং বলেন আব্দুর রহমান একজন নিম্ন শ্রেনীর কর্মচারী, সে যে দূর্ব্যবহার করেছে তার জন্য তিনি তাকে শাসিয়ে দিবেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ইউএনও আবুল কালাম মো. শাহীন বিসিএস ২৪ তম ব্যাচের বিসিএস (প্রশাসন) কর্মকর্তা। তিনি উপজেলার কনিষ্ট একজন কর্মকর্তা হয়ে অন্যান্য সিনিয়র কর্মকর্তাদের সাথে খারাপ ব্যবহার করেন এবং প্রভাব খাটানোর চেষ্টা করেন। তিনি অফিসের কিছু দুষ্ট সহকারীকে নিয়ে সার্বক্ষনিক চলাফেরা করেন।


