যশোর জেলা ছাত্রলীগের সভাপতি শাহী, সম্পাদক জিসান
যশোর প্রতিনিধি:
যশোর জেলা ছাত্রলীগের সম্মেলনে কাউন্সিলরদের ভোটে রওশন ইকবাল শাহী সভাপতি ও ছালছাবিল ইসলাম জিসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সোমবার বিকেলে দ্বিতীয় অধিবেশনে ভোটগ্রহণ শেষে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ফলাফল ঘোষণা করেন। শহরের পৌর কমিউনিটি সেন্টারে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
সোমবার সকালে শহরের ঈদগাহ ময়দানে জেলা ছাত্রলীগের সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিকেলে পৌর কমিউনিটি সেন্টারে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে ১২০জন কাউন্সিলর ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে রওশন ইকবাল শাহী ১০৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী সাব্বির হোসেন লিমন ১৬ ভোট পেয়েছেন।
অপরদিকে সাধারণ সম্পাদক পদে ছালছাবিল ইসলাম জিসান (১০৫) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী তৌফিকুর রহমান পিয়াস পেয়েছেন ১৫ ভোট। ভোট গণনা শেষে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ এ ফলাফল ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সাইফুজ্জামান শিখর, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ, বর্তমান সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন প্রমুখ।

