বিসিএস আবেদনে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক নয়

নিজস্ব প্রতিবেদক:
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিন বলেছেন, ‘বিসিএসের আবেদনের এনআইডি বা জাতীয় পরিচয়পত্র এখনও পুরোপুরি বাধ্যতামূলক করা হয়নি। কমিশন আস্তে আস্তে সেটা বাধ্যতামূলক করবে। এনআইডি নেই এমন অনেকেই ইতোমধ্যে আবেদন করেছেন।’

১১ জুলাই মঙ্গলবার সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান তিনি।

এ ছাড়া সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা ইশরাত শারমীন সংবাদ মাধ্যমকে বলেন, ‘যাদের এনআইডি নেই, তারাও ৩৮ তম বিসিএসে আবেদন করতে পারবেন। তবে লিখিত কিংবা মৌখিক পরীক্ষার সময় এনআইডি নম্বর চাইলে প্রার্থীকে তা প্রদান করতে হবে। আর যাদের এনআইডি আছে তারা আবেদনের সময় এনআইডি নম্বর উল্লেখ করবেন।’

এর আগে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ছাড়া কেউ বিসিএস পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদন করতে পারবেন না বলে জানিয়েছিলেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোহাম্মদ সাদিক। তিনি বলেন, ‘৩৮তম বিসিএসের অনলাইনে আবেদন করতে বাধ্যতামূলকভাবে এনআইডি বা জাতীয় পরিচয়পত্রের নম্বর লাগবে। ৮ মে বৃহস্পতিবার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।’

এ ছাড়া ৬ জুলাই বৃহস্পতিবার তিনি আরও বলেন, ‘সার্কুলারে সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া দেওয়া হয়েছে। তারপরও প্রার্থীরা অনেক সময় বুঝতে না পেরে সমস্যায় পড়েন। অনেক সময় অভিযোগ আসে, তারা আবেদন করতে পারছেন না। এ ধরনের যে কোনও অভিযোগ নিতে এবং সমাধান দিতে হেল্পলাইন চালু করার সিদ্ধান্ত হয়েছে।’

পিএসসি’র চেয়ারম্যান মোহাম্মদ সাদিক বলেন, ‘টেলিটকের সঙ্গে আমাদের কথা হয়েছে। হেল্পলাইনের জন্য তারা পাঁচটি নম্বর দেবেন। আবেদনের দিন থেকে পুরো প্রক্রিয়া চলাকালীন পর্যন্ত এই হেল্পলাইন খোলা থাকবে।’

উল্লেখ্য, প্রথম শ্রেণির দুই হাজার ২৪টি পদে নিয়োগ দিতে গত ২০ জুন ৩৮তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ৩৮তম বিসিএসে অংশ নিতে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১০ জুলাই, শেষ হবে ১০ আগস্ট।

  •  
  •  
  •  
  •