ঢাবির ‘খণ্ডকালীন’ শিক্ষক হলেন অমিতাভ রেজা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন অ্যান্ড ফিল্ম স্টাডিজ বিভাগে ‘খণ্ডকালীন’ শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। বিভাগের চেয়ারম্যান ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক শফিউল আলম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমরা সাময়িকভাবে এমন অনেককেই নিয়োগ দিয়ে থাকি। অমিতাভ রেজা ফিল্ম ডিরেকশন কোর্সের ক্লাস নেবেন।’

এ বিষয়ে অমিতাভ রেজা ফেসবুক ওয়ালে লেখেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া আমার হয় নাই। কিন্তু ‘ফিল্ম অ্যান্ড টেলিভিশন’ বিভাগে ছেলে-মেয়েদের আমার ১৭ বছরের কাজের অভিজ্ঞতার কিছুটা হলেও যদি কাজে লাগাতে পারি সেটাই যথেষ্ট হবে। আসলে সিনেমা বানানো থেকে সিনেমা নিয়ে কথা বলতেই বেশি ভালো লাগে।”

জনপ্রিয় নাটক ও বিজ্ঞাপন নির্মাতা অমিতাভ রেজার প্রথম ছবি ‘আয়নাবাজি’ মুক্তি পায় ২০১৬। ছবিটির জনপ্রিয়তার রেশ ধরে ‘রিকশা গার্ল’ নামে নতুন ছবি বানানোর প্রস্তুতি নিচ্ছেন। ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখিকা মিতালি পারকিনসের কিশোর উপন্যাস ‘রিকশা গার্ল’ অবলম্বনে এ ছবি নির্মাণ করবেন। চিত্রনাট্য লিখছেন শর্বরী জোহরা আহমেদ।

  •  
  •  
  •  
  •  

Tags: