ছাত্রীদের নিয়ে অশালীন মন্তব্যকারী বহিষ্কৃত রাবি শিক্ষক পুনর্বহাল

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
শ্রেণিকক্ষে ছাত্রীদের নিয়ে অশালীন মন্তব্য করার দায়ে বহিষ্কৃত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক শাওন উদ্দিনকে প্রায় চার বছর পর চাকরিতে বহালের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ জুলাই) রাতে উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের ৪৭২ তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সিন্ডিকেট সূত্র জানায়, ‘চাকরিচ্যুত হওয়ার পর হাইকোর্টে আপিল করেন ওই শিক্ষক। সম্প্রতি হাইকোর্ট তাকে চাকরিতে বহালের নির্দেশ দেন। এ সংক্রান্ত নির্দেশ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আসলে মঙ্গলবার সিন্ডিকেট সভায় তাকে চাকিরতে পুনর্বহাল করার সিদ্ধান্ত নেওয়া হয়।’

শিক্ষক শাওন উদ্দিন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজম্যান্ট বিভাগের সহকারী অধ্যাপক। শ্রেণীকক্ষে ছাত্রীদের নিয়ে অশালীন মন্তব্য করার অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০১৩ সালের ২৫ ডিসেম্বর ৪৫০ তম সিন্ডিকেট সভায় তাকে চাকরিচ্যুত করা হয়।

শিক্ষক শাওন উদ্দিন বলেন, ‘গত ২১ জুন হাইকোর্ট চাকরিতে পুনর্বহালের আদেশ দেন। শুনেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন এ আদেশ পাওয়ার পর আমাকে চাকরিতে পুনর্বহালে সিদ্ধান্ত নিয়েছে। আমার কাছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের চিঠি আসলে আমি পুনরায় বিভাগে যোগদান করবো।’

২০১২ সালের আগষ্টে শ্রেণিকক্ষে ছাত্রীদের সম্পর্কে অশালীন মন্তব্য করায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন নিরোধ সেলে শিক্ষক শাওন উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ করেন।

ওই সময় প্রকাশিত পত্রিকায় বলা হয়, “শিক্ষক শাওন ছাত্রীদের বলেছিলেন, ‘পাঁচশ টাকায় তোমাদের বাজারে পাওয়া যায়’।”

অভিযোগ প্রমাণিত হওয়ায় যৌন নিপীড়ন নিরোধ সেল নৈতিক স্খলনের অভিযোগে ‘যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ নীতিমালা-২০১০’ অনুযায়ী ওই শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করার সুপারিশ করে। ওই সুপারিশের পরিপ্রেক্ষিতে ২০১৩ সালের ২৫ ডিসেম্বর শাওন উদ্দিনকে বরখাস্ত করে।

  •  
  •  
  •  
  •