বন্যার্তদের সহযোগিতায় বাকৃবির সাধারণ শিক্ষার্থীরা
বাকৃবি প্রতিনিধিঃ
বন্যার্তদের শিক্ষা উপকরণ ও আর্থিক সহায়তা দিবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাধারণ শিক্ষার্থীরা । বাকৃবি শাখা ছাত্রলীগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ৮৫৭ শিক্ষার্থীর এক মাসের শিক্ষা বৃত্তির মোট ৩ লক্ষ ৭৯ হাজার ৪০০ টাকায় ওই সাহায্য করা হবে।
এসময় কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার ২০০ পরিবারকে আর্থিক সহযোগিতা ও প্রাথমিক বিদ্যালয়ের প্রায় চার শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হবে। এ কর্মসূচিতে অন্যান্য রাজনৈতিক ও ছাত্র সংগঠনও অংশ নিবে।
শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টার সম্মেলন কক্ষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী, সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. মোক্তার হোসেন, সহকারী প্রক্টরবৃন্দ, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট (বাসদ), ছাত্র ফ্রন্ট (বাসদ মার্কবাদী) ও বাঁধনের সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতাকর্মী বৃন্দ।
এসময় ছাত্রবিষয়ক উপদেষ্টা বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের হতে ওই অর্থ তুলে দেন। আগামীকাল শনিবার বিশ্ববিদ্যালয় থেকে টাকা ও শিক্ষা সামগ্রী নিয়ে রাজিবপুরের উদ্দ্যেশ্যে রওনা দেবে বিশ্ববিদ্যালয় পরিবার।

