গ্রেড ও মর্যাদা রক্ষা করে গেজেট প্রকাশের দাবি রাবি শিক্ষক সমিতির

রাবি সংবাদদাতা:
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের গ্রেড ও মর্যাদা রক্ষা করে সুস্পষ্ট ঘোষণাসংবলিত গেজেট প্রকাশ করার দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। রোববার বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়।

এ সময় তারা আরো কয়েকটি দাবি জানান। তাদের দাবিগুলো হলো-বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো প্রবর্তন করা, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বেতনকাঠামো পুনঃনির্ধারণ করে সকল সিলেকশন গ্রেডে অধ্যাপকদের বেতন ভাতা সিনিয়র সচিবদের সমতুল্য করা, অধ্যাপকদের বেতনভাতা সচিবের সমতুল্য করা, সহযোগী-সহকারী ও প্রভাষকদের বেতনকাঠামো ক্রামানুসারে নির্ধারণ করা, রাষ্ট্রীয় ওয়ারেন্ট অব প্রিসিডেন্স-এ শিক্ষকদের প্রত্যাশিত বেতন কাঠামো অনুযায়ী পদমর্যাদা নিশ্চিত করা এবং প্রত্যেক ধাপে প্রদেয় সরকারি কর্মকর্তাদের জন্য নির্ধারিত অন্যান্য সুযোগ-সুবিধা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য নিশ্চিত করা। দাবি পূরণ না হলে লাগাতার কর্মবিরতিরও হুশিয়ারি দেন তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রেজাউল করিম বলেন, গত ৬ ডিসেম্বর অর্থমন্ত্রীর বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দাবিসমূহ পূরণের সুস্পষ্ট আশ্বাস দিয়েছিলেন। শিক্ষামন্ত্রীও স্বতন্ত্র বেতনকাঠামো বাস্তাবায়নের উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু তাদের দেওয়া প্রতিশ্রুতি পে-স্কেল গেজেটে প্রতিফলিত হয়নি। প্রকাশিত পে-স্কেল গেজেট প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রকাশিত পে-স্কেলে গেজেট বাস্তবায়ন হলে সপ্তম জাতীয় পে-স্কেলের তুলনায় গ্রেড-১ প্রাপ্ত শিক্ষকদের সংখ্যা অর্ধেক কিংবা তারও নিচে নেমে আসবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি অধ্যাপক আনন্দ কুমার সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক শাতিল সিরাজ, সমিতির সদস্য অধ্যাপক মিজানুর রহমান খান, অধ্যাপক আনসার উদ্দীন, সৈয়দা নুসরাত জাহান, আবদুল আলীম প্রমুখ।

  •  
  •  
  •  
  •