রাবিতে অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

রাবি সংবাদদাতা:
শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনে শাস্তির দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড রাবি শাখার ব্যানারে ক্যাম্পাসে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

দুপুর ১টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে একটি বিক্ষোভ-মিছিল বের করে ক্যাম্পাস প্রদক্ষিণ করে পুনরায় সেখানে ফিরে আসে। পরে সেখানে তারা একটি সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশ থেকে অভিযুক্ত শিক্ষকের অনতিবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বক্তারা।

এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা, সহসভাপতি আতিকুর রহমান সুমন, তম্ময়ান্দ অভি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান পলাশ, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য সাইদুল ইসলাম রুবেল, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড রাবি শাখার সভাপতি হাবিবুর রহমান প্রমুখ।

এরআগে গত ২০ ডিসেম্বর থেকে শিক্ষকের শাস্তির দাবিতে ক্যাম্পাসে মানববন্ধন, গণস্বাক্ষর, বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করে আসছে সংগঠনটির নেতাকর্মীরা। একই দিন বিশ্ববিদ্যালয়ে ভাষা বিভাগের (উর্দু) এক ছাত্রী ওই শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনে শাস্তির দাবিতে উপাচার্য বরাবর একটি লিখিত অভিযোগ দেয়।

বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ ও রোকেয়া হলের আবাসিক শিক্ষক এটিএম রফিকুল ইসলামের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির সংবাদ প্রকাশের বিরুদ্ধে ২৮৯ জন শিক্ষার্থী ও ১০ জন শিক্ষক-কর্মচারী স্বাক্ষর দিয়েছেন। এ স্বাক্ষর সম্বলিত প্রতিবাদ কপিটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরে জমা দেন হলের আবাসিক শিক্ষার্থীর ও কর্মচারীরা।

  •  
  •  
  •  
  •