বাকৃবিতে ‘বিমূর্ত মুক্তিযুদ্ধ’ স্থাপনার উদ্বোধন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ঐতিহাসিক ঘটনাবলী এদেশের তরুণ প্রজন্মকে জানানোর লক্ষ্যে ‘বিমূর্ত মুক্তিযুদ্ধ’ নামে একটি ভাস্কর্য উদ্বোধন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে অবস্থিত কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃপক্ষ।

শুক্রবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থিত এ ভাস্কর্যের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবর ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. জসিমউদ্দিন খান ও ময়মনসিংহ পৌরসভার মেয়র জনাব মো. ইকরামুল হক টিটু উপস্থিত ছিলেন। এতে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি প্রফেসর ড. মো. সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

স্থাপনাটিতে বায়ান্ন থেকে একাত্তর এর মুক্তিযুদ্ধ পর্যন্ত মধ্যবর্তী সময়ে সংগঠিত সকল ঐতিহাসিক ঘটনাবলির বিমূর্ত প্রতীকী উপস্থাপনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ, স্বাধীনতার মুক্তি সনদ ৬ দফা, ঐতিহাসিক ১১ দফা, মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশের পতাকা, ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস, ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের গৌরবগাঁথা ইতিহাস উপস্থাপন করা হয়েছে।

উল্লেখ্য, স্থাপনার স্থপতি শ্যামল চৌধুরী এবং এর মূল প্রতিপাদ্য বিষয় ‘গতি’।

  •  
  •  
  •  
  •  

Tags: