বাকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের সুবর্ণ জয়ন্তী মার্চে, রেজিস্ট্রেশন শুরু

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মৎস্যবিজ্ঞান অনুষদের ৫০ বছরে পদার্পণের সুবর্ণ জয়ন্তী উদযাপন করতে যাচ্ছে অনুষদটি। ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এ অনুষদ। এ উপলক্ষে ইতোমধ্যে অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে।

বুধবার সকাল ১০টায় মৎস্যবিজ্ঞান অনুষদের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ডিন অধ্যাপক গিয়াস উদ্দিন আহমদ। লিখিত বক্তব্যে তিনি বলেন, মাৎস্যবিজ্ঞান অনুষদ ১৯৬৭ সালে পথ চলা শুরু করে। গেল বছর অনুষদটির ৫০ বছর পূতি হয়েছে। আগামী মার্চে সুবর্ণ জয়ন্তী উদ্‌যাপন করা হবে। তিন দিনের অনুষ্ঠানে মৎস্য র‌্যালি, মৎস্য গবেষণাভিত্তিক সেমিনার, সিম্পোজিয়াম, মৎস্য-মেলা, পোস্টার প্রদর্শনী, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ইতিমধ্যে মাৎস্যবিজ্ঞান অনুষদ থেকে পাস করা গ্র্যাজুয়েটদের রেজিস্ট্রেশন শুধু হয়েছে। রেজিস্ট্রেশন শেষ হবে আগামী ১৫ ফেব্রুয়ারি। রেজিস্ট্রেশন করতে এ লিংকে (http://fof50years.bau.edu.bd/registration) প্রবেশ করে রেজিস্ট্রেশন ও ডাচ্-বাংলা ব্যাংকের রকেটের মাধ্যমে ফি পরিশোধ করা যাবে। অনুষ্ঠান উদ্‌যাপনে সহযোগিতা করবে মৎস্য অধিদপ্তর এবং বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট।

  •  
  •  
  •  
  •  

Tags: