জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। মঙ্গলবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে তাঁরা এ কর্মসূচি পালন করেন।
এসময় মানববন্ধন বক্তারা বলেন, জাফর ইকবালের ওপর হামলা করা মানেই জাতির মেধার ওপর হামলা করা । অবৈধভাবে ক্ষমতায় আসতে একটি কুচক্রি মহল নানাভাবে সাম্প্রাদায়িকতাকে উসকে দিচ্ছে। ফলে দেশে একের পর এক এ ধরণের ন্যাক্কারজনক ঘটনা ঘটছে।
তাঁরা আরো বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে অসাম্প্রদায়িক চেতনায় গঠিত হয়েছিল বাংলাদেশ। এভাবে প্রগতিশীল চিন্তাবিদ ও লেখকদের ওপর বার বার হামলার মাধ্যমে এ দেশের অসাম্প্রদায়িক চেতনায় আঘাত হানা হচ্ছে।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি রাবি শাখার সাধারণ সম্পাদক মামুন অর রশিদের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি রবিউল সরকার রুবেল, বাংলা বিভাগের অধ্যাপক সুজিত সরকার, সাবেক সদস্য সচিব ইলিয়াস হোসেন, সহ-সভাপতি শাহিন রানা, সহ-সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন, সাংস্কৃতিক সম্পাদক ইসরাত জাহান প্রমুখ।

