মামলা প্রত্যাহারসহ কোটা সংস্কারের ৫দফা দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক:
কোটা সংস্কার আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশের দায়ের করা মামলা প্রত্যাহার ও সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ-মিছিল করেছে চাকরিপ্রার্থীরা।

রোববার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে প্রায় কয়েক হাজার ছাত্র-ছাত্রী ও চাকরিপ্রার্থী।

মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবাগ মোড়, ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি), নীলক্ষেত মোড় ঘুরে আবার রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। মিছিল পরবর্তী সমাবেশও করেন তারা।

আন্দোলনকারীরা গত ১৪ ফেব্রুয়ারি থেকে পাঁচ দফা দাবিতে আন্দোলন করে আসছে। তাদের ৫ দফা দাবি হলো- ‘কোটা ব্যবস্থা ৫৬ থেকে ১০ শতাংশ করা, যোগ্য প্রার্থী পাওয়া না গেলে মেধার ভিত্তিতে নিয়োগ প্রদান করা, একটি পরিবার থেকে একাধিক প্রার্থীকে কোটায় চাকরি না দেওয়া, কোটার জন্য বিশেষ সার্কুলার না দেওয়া, চাকরির ক্ষেত্রে সকলের জন্য অভিন্ন বয়স প্রক্রিয়া প্রণয়ন।’

বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করা সাজু বলেন, আমাদের দাবি কোনো অযৌক্তিক দাবি নয়। ইতোমধ্যে সুশীল সমাজ ও কোটা সংস্কারের পক্ষে কথা বলছেন। আমরা আশা করছি তরুণদের মনের ভাষা সরকার বুঝতে পারবে। এবং কোটা সংস্কার করবে।

আরেকজন বিক্ষোভকারী ইমন বলেন, আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ হামলা করে উল্টো আমাদের নামে মামলা দিয়েছে। আমরা সরকারকে বলবো এই মামলা দ্রুত প্রত্যাহার করতে।

বিক্ষোভ মিছিল শেষে আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসান আল মামুন বলেন, আগামী ২৫ মার্চ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবে শাহবাগ থেকে কেন্দ্রীয় শহীদ মিনার এবং ২৯ মার্চ কেন্দ্রীয় শহীদ মিনারে বিকেল ৪টায় নাগরিক সমাবেশ।

উল্লেখ্য, গত (১৪ মার্চ) আন্দোলনকারীরা জনপ্রশাসন মন্ত্রণালয়ে স্মারকলিপি জমা দেয়ার উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে একটি বিশাল মিছিল নিয়ে হাইকোর্টের সামনে আসলে পুলিশ আন্দোলনকারীদের উপর টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে। এতে ১৫-২০ আন্দোলনকারী আহত হয়েছে বলে আন্দোলনকারীরা জানান।

  •  
  •  
  •  
  •  

Tags: