জাবিতে আওয়ামীপন্থী শিক্ষকদের বাধায় সিনেট অধিবেশন বাতিল
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
উপাচার্যবিরোধী আওয়ামীপন্থী শিক্ষক ও সিনেটরদের একাংশের প্রতিরোধে বাতিল হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৭তম বার্ষিক অধিবেশন।
এই অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার গ্র্যাজুয়েট থেকে নির্বাচিত ২৫ সিনেটরের অভিষেক ছাড়াও বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ সালের চূড়ান্ত ও ২০১৮-১৯ সালের প্রস্তাবিত বাজেট পেশ এবং তার ওপর আলোচনা হওয়ার কথা ছিল।
এদিকে আওয়ামীপন্থী শিক্ষকদের বাধায় অধিবেশন পণ্ড হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপিপন্থী সিনেটররা। অপরদিকে সিনেট অধিবেশনে যোগ দিতে আসা সরকারি কর্মকর্তা ও অন্যান্য সিনেটররা হতাশা প্রকাশ করেছেন।
উপাচার্যের বিরুদ্ধে ’৭৩ অ্যাক্ট, স্ট্যটুট ও কার্যপ্রণালি বিধি লংঘনের অভিযোগ তুলে সিনেট অধিবেশন বাতিলের জন্য বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ ও তাদের সমর্থিত সিনেট সদস্যরা।
অধিবেশনে যোগদানের জন্য বিকাল ৩টার দিকে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম ও সিনেটররা প্রশাসনিক ভবনের সামনে এলে আন্দোলনকারীরা তাকে সিনেট কক্ষে প্রবেশ করতে দেয়নি। ফলে বাতিল হয় আহূত এই সিনেট অধিবেশন।
এদিকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে আওয়ীপন্থী শিক্ষকদের এক টেবিলে বসে আলোচনার মাধ্যমে উভয়পক্ষের কোন্দল মিটিয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছে বিএনপিপন্থী সিনেটররা।
এছাড়া বৃহস্পতিবার বিকালে এক সংবাদ সম্মেলনে আওয়ামীপন্থী শিক্ষক ও সিনেটরদের অযৌক্তিক এ আন্দোলনের কড়া সমালোচনা ও নিন্দা জানিয়েছে ‘বঙ্গবন্ধু-আদর্শের শিক্ষক পরিষদ’।

