সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আগামী বছর, আশা শিক্ষামন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক:
কয়েক বছর চেষ্টা করেও বিশ্ববিদ্যালয়গুলো একমত না হওয়ায় পাবলিক বিশ্ববিদ্যালয়ে সমন্বিত বা গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়া হচ্ছে না। তবে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উদ্যোগে আগামী বছর থেকে বাস্তবায়নের আশা করছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
এইচএসসি ও সমমানের পরীক্ষা পাস করে প্রতিবছর বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধে শামিল হন লাখো শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সমন্বয় না থাকায় দুশ্চিন্তায় থাকেন ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকেরা।
উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ উপলক্ষে বৃহস্পতিবার (১৯ জুলাই) সচিবালয়ে সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে সমন্বিত ভর্তি নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আমরা প্রথম থেকে পাঁচ বছর ধরে তাদের (বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ) নিয়ে বৈঠক করে প্রায় কাছাকাছি আসছিলাম, তারপরে একটা সময়ে এসে খুব একটা আগাতে পারবো, এই আশা রাখি নাই।
বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তিযুদ্ধের সময় ভোগান্তি এড়াতে রাষ্ট্রপতিও বার বার তাগাদা দিয়ে আসছিলেন।
শিক্ষামন্ত্রী বলেন, পরবর্তীকালে রাষ্ট্রপতি নিজেও বলেছেন, তারপরে উদ্যোগ নেওয়া হয়েছে। অনেকগুলো বৈঠক হয়েছে। ইউজিসি চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে, একটি কমিটিও করা হয়েছে। কমিটি এখন কাজ করছে। সেই কাজের মধ্যে ইউজিসি ইনভলভ আছে, মন্ত্রণালয় তো তার পেছনে আছে। আমাদের ভিসি মহোদয়ের প্রতিনিধিরা আছেন।
‘আমরা আশা করছি ভবিষ্যতে একটা জায়গায় যেতে পারবো। এ ধরনের একটা ওপেনিয়ন চলে এসেছে, এটা (গুচ্ছ বা সমন্বিত ভর্তি পরীক্ষা) দিয়ে দেওয়া সম্ভব। এ বছর হয়েতা পারবেন না, আগামী বছর তারা পারবেন।’

