বাকৃবিতে ছাত্র ফ্রন্টের বিক্ষোভ মিছিল, স্মারকলিপি প্রদান

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণীর ভর্তি বিজ্ঞপ্তিতে আবেদনকারী সকল শিক্ষার্থীর নিকট ফরমের মূল্য ৭০০ টাকা নেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার ও দুইধাপে ভর্তির আবেদন প্রক্রিয়ার দাবিতে একটি বিক্ষোভ মিছিল করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বাকৃবি শাখা।

বুধবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ওই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বাকৃবি শাখা।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শুরু হয়ে বিভিন্ন অনুষদীয় ভবন প্রদক্ষিণ করে প্রশাসন ভবনে এসে শেষ হয়। সেখানে বিক্ষোভ পরবর্তী একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সাংগঠনিক সম্পাদকের সঞ্চালনায় সমাবেশের সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক গৌতম কর।

এ সময় নেতারা বলেন, “UGC-র কৌশলপত্র মোতাবেক বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ আয় বাড়ানোর লক্ষ্যে সকল আবেদনকারীর নিকট হতে ৭০০ টাকা আদায় করে সবাইকে পরীক্ষা দিতে দেওয়ার সুযোগ না দেওয়া অমানবিক ও শিক্ষার নৈতিকতার পরিপন্থী। “

তারা অবিলম্বে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে প্রকাশিতব্য ভর্তি বিজ্ঞপ্তিতে সকল আবেদনকারীর নিকট ৭০০ টাকা নেওয়ার পূর্ব সিদ্ধান্ত প্রত্যাহার করে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানান।

এরপর সংগঠনের নেতাকর্মীরা ভারপ্রাপ্ত সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. মোঃ তানভীর রহমান এর সাথে দেখা করেন এবং তার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর একটি স্মারকলিপি পেশ করেন।

  •  
  •  
  •  
  •  

Tags: