বাকৃবিতে প্যারাসাইটোলজি সোসাইটির ১৩তম বৈজ্ঞানিক সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সার্বিক পুষ্টি সূচকের উন্নতি করতে বাংলাদেশকে আরো কাজ করতে হবে। সারা বিশ্বের তুলনায় সার্বিক পুষ্টি পরিস্থিতির সূচকে উল্লেখযোগ্য পর্যায়ে পৌঁছতে বাংলাদেশকে আরো অনেক কঠিন পথ পাড়ি দিতে হবে। টেকসই উন্নয়নের ক্ষেত্রে অপুষ্টি, নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। মানবসম্পদের উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ সূচক হল সুস্বাস্থ্য ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা। মেধাবী জাতি গঠনে নিরাপদ ও স্বাস্থ্যকর উপায়ে রোগ-জীবাণুমুক্ত শাক-সবজি, ফলমূল, দুধ, ডিম, মাছ-মাংসের উৎপাদন আরও বাড়াতে হবে এবং তা দেশের দরিদ্র মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। আর মানবসম্পদ উন্নয়নে প্রতিদিনের পুষ্টি চাহিদা মেটাতে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে প্যারাসাইটোলজিস্টদের আরও কাজ করে যেতে হবে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বাংলাদেশ সোসাইটি ফর প্যারাসাইটোলজির (বিএসপি) ১৩তম দ্বি-বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন দেশের প্যারাসাইটোলজি শিক্ষা, গবেষণা ও বিপননের সাথে জড়িত গবেষকরা।

বৃহষ্পতিবার (২৫ অক্টোবর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম মিলনায়তনে প্যারাসাইটোলজিস্টদের সর্ববৃহৎ এই বৈজ্ঞানিক সম্মেলন শুরু হয়। দিনব্যাপী বৈজ্ঞানিক সম্মেলনের মূল প্রতিপাদ্য বিষয় ‘ফুড ব্রন প্যারাসাইটস এন্ড ফুড সেইফটি’। সম্মেলনে প্রায় ৪০টি বৈজ্ঞানিক গবেষণা পেপার উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানে বিএসপি’র সভাপতি প্রফেসর ড. মো. মোতাহের হোসেন মন্ডলের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলী আকবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় কনসাল্টান্ট প্রফেসর ড. বে-নাজির আহমেদ, ভেটেরিনারি অনুষদের ডীন প্রফেসর ড. নাজিম আহমেদ।

সম্মেলনে খাদ্যবাহিত রোগ ও নিরাপদ খাদ্য শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. মো. হাসানুজ্জামান তালুকদার। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সম্মেলন বাস্তবায়ন কমিটির সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং ধন্যবাদ জ্ঞাপন করেন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব প্রফেসর ড. তাহসিন ফারজানা।

এছাড়াও সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, সিনিয়র প্রফেসর, বিভাগীয় প্রধানগণ, শিক্ষক, বিভিন্ন সরকারী-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, পিএইচডি ফেলো, মাস্টার্স শিক্ষার্থী এবং দেশের প্যারাসাইটোলজি গ্রাজুয়েটবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলী আকবর বলেন, উন্নত ও মেধাবী জাতি গঠনে খাদ্য নিরাপত্তার সাথে সাথে পুষ্টিনিরাপত্তা অর্জন করতে হবে। তিনি দেশের মানুষের পুষ্টিনিরাপত্তা ও নিরাপদ ও ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করতে প্যারাসাইটোলজিস্টদের নিরলস পরিশ্রমের কথা স্মরণ করেন এবং তাদেরকে দেশের দেশের মানবসম্পদ উন্নয়নে আরও ভূমিকা রাখার আহ্বান জানান।

  •  
  •  
  •  
  •  

Tags: