যবিপ্রবির ভর্তি পরীক্ষা সম্পন্ন, ২৫ নভেম্বরের মধ্যে ফল
যশোর প্রতিনিধি:
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ছয়টি ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।
শুক্রবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘ডি’ ‘ই’ ও ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর আগে বৃহস্পতিবার ‘এ’, ‘বি’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
যবিপ্রবির জনসংযোগ কর্মকর্তা আবদুর রশিদ জানান, শুক্রবারের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনে মোবাইল ফোনে রাখার অপরাধে নাজমুল হক নামে একজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। আর গত বৃহস্পতিবারের ভর্তি পরীক্ষার সময় যবিপ্রবির একজন কর্মচারী এবং দুজন ভর্তি পরীক্ষার্থীকে শাস্তির আওতায় আনা হয়।
ভর্তি পরীক্ষা শুরুর পর কেন্দ্রগুলোর নিরাপত্তাসহ সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক-কর্মকর্তারা।
আগামী ২৫ নভেম্বরের মধ্যে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। ১ ডিসেম্বর থেকে ভর্তি কার্যক্রম শুরু হবে বলেও জানান যবিপ্রবির জনসংযোগ কর্মকর্তা।

