ইউজিসিতে আখতার হোসেন ও নওয়াজ আলীর পূর্ণকালীন সদস্য লাভ

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) পূর্ণকালীন দুই জন অধ্যাপককে সদস্য হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

তারা হলেন: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সার্জারি ও অবস্ট্রেট্রিক বিভাগের প্রফেসর ড. আখতার হোসেন এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম শাহ নওয়াজ আলী ।

এই দু’জনকে চার বছরের জন্য ইউজিসির সদস্য হিসেবে নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে ড. অধ্যাপক আখতার হোসেন আগে থেকেই ইউজিসির সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন, তিনি পুনঃনিয়োগ পেয়েছেন।

শিক্ষা মন্ত্রণালয় থেকে নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে। এতে বলা হয়, চার বছরের জন্য তারা এ নিয়োগ পেয়েছেন। যোগদানের তারিখ থেকে নিয়োগ কার্যকর হবে। সরকার প্রয়োজন মনে করলে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগে কোনো সদস্যকে অব্যাহতি দিতে পারবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

সম্প্রতি ইউজিসি’র পূর্ণকালীন সদস্য মোহাব্বত খান, আবুল হাশেম ও আখতার হোসেনের মেয়াদ শেষ হয়। ইউজিসিতে চেয়ারম্যান ছাড়াও পাঁচজন পূর্ণকালীন সদস্য রয়েছেন। এখন ইউজিসিতে চারজন সদস্য হলেন। এখনো একজন সদস্যের পদ খালি রয়েছে।

আইন অনুযায়ী উচ্চশিক্ষা ক্ষেত্রে স্বায়ত্তশাসিত সর্বোচ্চ সংস্থা হচ্ছে ইউজিসি। এ সংস্থাটি বিশ্ববিদ্যালয়গুলোর কার্যক্রম তদারকি করে থাকে। বেসরকারি ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের মান রক্ষা করাও ইউজিসির দায়িত্ব।

  •  
  •  
  •  
  •