নানা আয়োজনে আইআইএএসটি,তে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
রংপুর প্রতিনিধিঃ
সকালে প্রভাত ফেরির মধ্যদিয়ে শুরু হয় ইন্টান্যাশনাল ইনস্টিটিউট অব এপ্লায়েড সায়েন্স এন্ড টেকনোলজি (IIAST)রংপুর এর শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এর কার্যক্রম । ইনস্টিটিউট এর অধ্যক্ষ, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের নিয়ে র্যালি করে কেন্দ্রিয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ক্যাম্পাসে ফিরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব, মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের ফিশারীজ, ফুড সায়েন্স এন্ড টেকনোলজি এবং মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধানগণ ও শিক্ষকবৃন্দ । অনুষ্ঠানটি পবিত্র কোরআন পাঠের মধ্যদিয়ে শুরু হয়। পবিত্র কোরআন পাঠ করে বি.এস-সি ইন মাইক্রোবায়োলজি বিভাগের ২য় বর্ষের ছাত্র মো: মোর্শেদুল ইসলাম। এরপর পবিত্র গীতাপাঠ নিয়ে আসে বি.এস-সি ইন ফুড সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র জয়দেব রায়।
আলোচনা অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের পক্ষ হতে ফিশারীজ বিভাগের ছাত্র মুশফিকুর রহমান, ফুড সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগের ছাত্র মোঃ রেফায়েত সরকার এবং মাইক্রোবায়োলজি বিভাগের ছাত্রী সানজানা ইসলাম বক্তব্য রাখে। এরপর ফিশারীজ, ফুড সায়েন্স এন্ড টেকনোলজি এবং মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধানগণ একে একে বক্তব্য রাখেন। প্রধান অতিথি তার বক্তব্যে ১৯৪৭ সালের নভেম্বর-ডিসেম্বরে ভাষা-বিক্ষোভ থেকে শুরু করে ১৯৯৯ খ্রিস্টাব্দের ১৭ নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর প্যারিস অধিবেশনে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার ইতিহাস তুলে ধরেন। তিনি আরও বলেন আমাদের সর্বক্ষেত্রে বাংলা ভাষার চর্চা করতে হবে এবং এর সাথে সংশ্লিষ্ঠদের এগিয়ে আসার জন্য অনুরোধ করেন। প্রধান অতিথির বক্তব্যের পর এই দিনে যারা শাহাদত বরণ করেছে তাদের উদ্দেশ্যে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন অত্র প্রতিষ্টানের অধ্যক্ষ।
১৯৫২ সালের এই দিনে (৮ ফাল্গুন, ১৩৫৮) বাংলাকে পূর্ব পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে কয়েকজন তরুণ শহীদ হন। তাদের মধ্যে অন্যতম হলো রফিক,জব্বার,শফিউল,সালাম,বরকত সহ অনেকেই। তাই এ দিনটি শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আছে। ১৯৯৯ খ্রিস্টাব্দের ১৭ নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর প্যারিস অধিবেশনে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় এবং ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে দিবসটি জাতিসঙ্ঘের সদস্যদেশসমূহে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে। ২০১০ সালের ২১ অক্টোবর বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৫তম অধিবেশনে এখন থেকে প্রতিবছর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করবে জাতিসংঘ।

