ছাত্রলীগের নতুন কমিটির দাবিতে জাবিতে উত্তেজনা!

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানাকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করে নতুন কমিটির দাবিতে ক্যাম্পাসজুড়ে উত্তেজনা বিরাজ করছে।

মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুর দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের আ ফ ম কামালউদ্দিন হলের সামনের সড়কে ‘বিদ্রোহী গ্রুপ’ নামে পরিচিত শাখা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানার আবাসিক হল বাদে অন্য ৭টি ছাত্র হলের ছাত্রলীগ নেতা-কর্মীরা অবস্থান নেয়।

প্রত্যক্ষদর্শীসুত্রে জানা যায়, শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা হলে অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে তাকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করতে তার হলের সামনে অবস্থায় নেয় ‘বিদ্রোহী গ্রুপ’র নেতা-কর্মীরা। অন্যদিকে এ ঘটনার সময় হামলার আশঙ্কা করে আ ফ ম কামালউদ্দিন হলের ছাত্রলীগের নেতাকর্মীরা হলের ফটকে অবস্থান নেয়। এ নিয়ে সেখানে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করে। তবে আধঘন্টা পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান ঘটনাস্থলে এসে ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা ক্যাম্পাসে নেই এটা নিশ্চিত করেন। তার প্রেক্ষিতে ঘটনাস্থল থেকে চলে যান ‘বিদ্রোহী গ্রুপ’র নেতা-কর্মীরা।

এর আগে গত রোববার (২ জানুয়ারি) দিবাগত রাত দুইটার দিকে শাখা ছাত্রলীগের সভাপতির আবাসিক হলকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোঁড়ার ঘটনা ঘটে। তবে কে বা করা গুলিটি ছুঁড়েছে তা নিশ্চিত করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ ঘটনার প্রেক্ষিতে নিরাপত্তা চেয়ে গতকাল সোমবার (৩ জানুয়ারি) দুপুরে শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা ভিসির সঙ্গে সাক্ষাৎ করেন। এর কিছু পর সভাপতির ‘বিদ্রোহী গ্রুপ’র সাত হলের নেতারা ভিসির সঙ্গে দেখা করেন। সেখানে সভাপতি ও বিদ্রোহীরা গুলি ছোঁড়ার ঘটনায় উভয় পক্ষকেই দোষারোপ করতে থাকেন বলে জানিয়েছেন সেখানে উপস্থিত একাধিক নেতা। পরে মধ্যরাতে ছাত্রলীগের ‘বিদ্রোহী গ্রুপ’র নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের বটতলায় অবস্থান নেয়। এসময় সেখানেও উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।

এদিকে গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি, ছয় মাস আগে ক্যাম্পাস থেকে সাধারণ সম্পাদকের লাপাত্তা হয়ে যাওয়া, সংকটময় মূহুর্তে সভাপতিকে পাশে না পাওয়া ও তার একনায়কতান্ত্রিক মনোভাবের অভিযোগ এনে সভাপতি মো. জুয়েল রানার প্রতি অনাস্থা জানিয়ে তাদের ছাড়াই ক্যাম্পাসে শোডাউন দেয় ‘বিদ্রোহী গ্রুপ’র নেতা-কর্মীরা।

এছাড়া রোববার (১ জানুয়ারি) ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে বিএনপির ডাকা হরতালকে অযৌক্তিক দাবি করে তার প্রতিবাদে সভাপতি ও সাধারণ সম্পাদককে ছাড়াই বিক্ষোভ মিছিল করেন তারা।

উল্লেখ্য, প্রায় দুই বছর মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। এরই মধ্যে সংগঠনটির অনেক নেতাকর্মী চাকরি ও বিয়ে করে ক্যাম্পাস ছেড়েছেন। প্রায় ছয় মাস লাপাত্তা থাকার পর পদত্যাগ করেছেন সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চঞ্চল।

  •  
  •  
  •  
  •  

Tags: