যুগোপযোগী শিক্ষাক্রম গড়তে বাকৃবির পাঠ্যসূচিতে নানা পরিবর্তন
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সেমিস্টার পদ্ধতিতে (ছয় মাসের সেমিস্টার) পাঠদান শুরু হয়েছিল ২০০২ সালে। সামান্য পরিবর্তন ছাড়া সেমিস্টার পদ্ধতি চালুর পর থেকে পাঠ্যক্রমে বড় ধরনের কোনো পরিবর্তন আনা হয়নি। প্রায় দেড় যুগ পর বাকৃবির পাঠ্যক্রমে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে।
গত ২২ জানুয়ারি থেকে বাকৃবির ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছয়টি অনুষদের নিয়মিত ক্লাস শুরু হয়েছে। নতুন বর্ষের শিক্ষার্থীদের নতুন পাঠ্যক্রমে পড়ানো হচ্ছে।
জানা গেছে, মাঠ পর্যায়ের চাহিদা অনুযায়ী যুগোপযোগী শিক্ষাক্রম ও পাঠ্যসূচি তৈরির নির্দেশ দিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান। এরপর ইতোমধ্যে ছয়টি অনুষদের নতুন পাঠ্যক্রমের খসড়া একাডেমিক কাউন্সিলে গৃহীত হয়েছে। নতুন পাঠ্যসূচিতে প্রয়োজনীয় কিছু কোর্স সংযুক্ত করা হয়েছে, আর অপ্রয়োজনীয় কোর্স বাদ দেওয়া হয়েছে।
ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক নুরুল ইসলাম জানান, গত একাডেমিক কাউন্সিলের সভায় ছয়টি অনুষদ প্রস্তাবিত নতুন পাঠ্যক্রম পাস হয়। অনুমোদিত সেই পাঠ্যসূচিতেই প্রথম বর্ষের ক্লাস শুরু হয়েছে।
নতুন পাঠ্যসূচি অনুসারে ভেটেরিনারি অনুষদে ১৮৮ ক্রেডিট, কৃষি অনুষদে ১৫০ ক্রেডিট, পশুপালন অনুষদে ১৬৩ ক্রেডিট, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদে ১৫০ ক্রেডিট, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে ১৪৬ ক্রেডিট, খাদ্য প্রকৌশলে ১৪৩ ক্রেডিট এবং মাৎস্যবিজ্ঞান অনুষদে ১৬৫ ক্রেডিট পড়ানো হবে।

