জাবি সাংবাদিক সমিতির উদ্বেগ মাহফুজ আনামের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংবাদদাতা:

ইংরেজী দৈনিক ‘ডেইলি স্টার’ এর সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে বিরতিহীন মামলা ও সমন জারির ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস)। এছাড়া অবিলম্বে সম্পাদকের বিরুদ্ধে আনিত দায়ের করা সব মামলা প্রত্যাহারে সরকারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয়।
বৃহস্পতিবার সংগঠনের সভাপতি বেলাল হোসাইন রাহাত ও সাধারণ সম্পাদক মওদুদ আহম্মেদ সুজন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, মাহফুজ আনাম সাংবাদিকতার নীতি-নৈতিকতা মেনে সংবাদ প্রকাশের ব্যাপারে ভুল স্বীকার করে সাহসিকতার পরিচয় দিয়েছেন। এ ঘটনায় তাকে সাধুবাদ জানানোর পরিবর্তে বিভিন্ন ধরনের মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। যা গণমাধ্যমের স্বাধীনতাকে কন্ঠরোধ ও স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে ভীতি প্রদর্শনের শামিল।

বিবৃতিতে বলা আরো বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি মনে করে, সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রন করার জন্য এমন শীর্ষস্থানীয় সম্পাদকের বিরুদ্ধে এ ধরনের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা অব্যাহত রেখেছে। যা স্বাধীন গণমাধ্যমের জন্য অন্তরায়।

  •  
  •  
  •  
  •