জাবিতে নির্বাচনের দাবিতে স্মারকলিপি প্রদান
আবদুল্লাহ আল মামুন নিলয়, জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট, ডিন ও শিক্ষক পরিষদ নির্বাচনের দাবিতে বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবর স্মারকলিপি দিয়েছে বিএনপিন্থী শিক্ষকদের সংগঠন জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।
শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনে ভিসির কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নেতারা। স্মারকলিপিতে গণতন্ত্রের ধারাকে অব্যাহত রাখতে এক সপ্তাহের মধ্যে এ সকল নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানান তারা। এ সময় ভিসি অধ্যাপক ফারজানা ইসলাম দ্রুত সময়ে নির্বাচনের তফসিল ঘোষণার আশ্বাস দেন।
স্মারকলিপি প্রদানের সময় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শামছুল আলম সেলিম, জাতীয়তাবাদী শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী ফোরামের আহ্বায়ক এবং কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক সৈয়দ মোহম্মদ কামরুল আহছান, শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, অধ্যাপক মো. শরীফ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

