রাবিতে আবারো মর্টার শেল ও রকেট লঞ্চার উদ্ধার
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকা থেকে দুটি মর্টার শেল ও একটি রকেট লঞ্চার পাওয়া গেছে। আজ শুক্রবার বেলা সাড়ে এগারোটার দিকে শহীদ শামসুজ্জোহা হলের পার্শ্ববর্তী পুকুর থেকে এগুলো উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, শুক্রবার সকালে শহীদ সামসুজ্জোহা হলের পুকুরে মর্টার শেলের মত বস্তু দেখতে পান স্থানীয় বাসিন্দা জুয়েল। পরে তিনি পুলিশ বক্সের সদস্যদের জানালে, পুলিশ এসে দুটি মর্টার শেল ও একটি রকেট লাঞ্চার উদ্ধার করে। এ নিয়ে গত ৪ দিনে ৩ টি মর্টার শেল ও ১ টি রকেট লঞ্চার উদ্ধার হয়েছে বিশ্ববিদ্যালয়টিতে।
বিষয়টি নিশ্চিত করেছেন মতিহার থানার উপ-পরিদর্শক ইমরান হোসাইন। উদ্ধারকৃত শেল ও রকেট লঞ্চার পুলিশের হেফাজতে আছে বলে জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, ১৯৭১ এ বিশ্ববিদ্যালয়ের শামসুজ্জোহা হলে পাক সেনাবাহিনীর ক্যাম্প ছিলো। এই এলাকায় স্থানীয় নিরীহ লোকদের এনে নির্যাতন করা হতো। হল এলাকায় এরকম আরও বিস্ফোরক কিছু থাকতে পারে।
বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির মাধ্যমে মতিহার থানা পুলিশকে জানানো হয়েছে। পূর্বের মতো প্রয়োজনীয় ব্যবস্থা হবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর।
এর আগে, গত ২৭ এপ্রিল পুকুরে মাছের খাবার দিতে গিয়ে একটি মর্টার শেল পান স্থানীয় মাছ চাষী শরীফ। পরে ২৮ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমি এলাকায় সামরিক বাহীনির সদস্যরা সেটি নিরাপদ বিস্ফোরনের মাধ্যমে ধ্বংস করেন।

