রাবির হলে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ, আহত ১
আসাদুজ্জামান রিফাত, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয় সৈয়দ আমীর আলী হল শাখা ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার সাড়ে ১১টার দিকে এ ঘটনায় সমাজকর্ম বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী সালাউদ্দীন রানা আহত হয়। অন্যদিকে মাসুদ নামের এক শিক্ষার্থীকে আটক করে পুলিশ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আগামী ২৭ তারিখ পাবনা সদর থানার পিকনিকের টাকা উত্তোলনের জন্য অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মুকুল খান একই থানার শিক্ষার্থী মামুনের ২১২ নং কক্ষে এসে দরজা নক করে। ঐ সময়ে মামুন রুমে না থাকায় তার রুমমেট ছাত্রলীগকর্মী সালাউদ্দীন রানা বিরক্ত হয়। পরে রানা কিছু ছাত্রলীগ নেতাকর্মী নিয়ে মুকুলের (১১৪) রুমে যায়।
এসময় কথা কাটাকাটির এক পর্যায়ে রানা মুকুলকে মারধর করে। পরে হল শাখা ছাত্রলীগ সাধারণ সম্পাদকু সৈকত হোসাইনকে বিষয়টি জানালে সে ছাত্রলীগের কিছু কর্মীকে নিয়ে হলের সভাপতি সজলের কাছে মীমংসার জন্য যায়। হলের ভিতরে মীমংসা চলাকালীন সময়ে বাইরে অবস্থানকারী নেতাকর্মীরা মারামারিতে জড়িয়ে পড়ে। এ সময় রানা নামের এক ছাত্রলীগ কর্মী আহত হয়। পরে তাকে বিশ্ববিদ্যালয় মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। মারামারির এ ঘটনায় ছাত্রলীগ কর্মী মাসুদকে পুলিশ আটক করে।
হলের সেক্রেটারী সৈকত হোসাইন বলেন, কোন কারণ ছাড়াই আমার কর্মী মুকলের রুমে এসে সভাপতি গ্রুপের ছেলেরা মারধর করে। পরে মীমাংসার জন্য গেলে বাইরে মারামারি বাধে।
রাবি শাখা ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) রাশেদুল ইসলাম রাঞ্জু বলেন, থানা সমিতির টাকা উত্তোলন নিয়ে একটু ভুল বুঝাবুঝি হয়েছিল। সকাল ১০টায় সবাইকে নিয়ে বসে বিষয়টি মীমাংসা করা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।

