এসএসসি-এইচএসসি পরীক্ষা হবেই, তবে পেছাতে পারে ২ মাস
নিউজ ডেস্কঃ করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় আবারো অনিশ্চিত হয়ে পড়েছে সএসসি-এইচএসসি পরীক্ষা। গত বছর এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হলেও করোনাভাইরাসের কারণে এইচএসসি পরীক্ষায় নেওয়া সম্ভব না হওয়ায় দেওয়া হয় অটোপাস।
এ বছরও করোনার কারণে সঠিক সময়ে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। ফলে নির্ধারিত সময় থেকে আরও দু-তিন মাস পিছিয়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়া হতে পারে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ।
তিনি বলেন, ‘এসএসসি-এইচএসসির জন্য সিলেবাস সংক্ষিপ্ত করে দেয়া হয়েছে। জুন-জুলাইয়ে এসএসসি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত ছিল। তবে সেটি হয়তো দু-এক মাস পিছিয়ে যেতে পারে। কিন্তু পরীক্ষা হবে, এতে কোনো সন্দেহ নেই।’
তিনি বলেন, ‘গতবার এইচএসসি পরীক্ষার্থীদের যেভাবে পাস করানো হয়েছে, তাকে অটোপাস বলা অন্যায়। এর কারণ পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছিল তারা। এবারের এসএসসি কিংবা এইচএসসির বিষয়টি ভিন্ন। তারা ক্লাসে যেতে পারেনি। এজন্য সংক্ষিপ্ত সিলেবাসে হলেও এবার পরীক্ষায় বসতেই হবে শিক্ষার্থীদের।’
এর আগে ৬০ দিন ক্লাস শেষে এসএসসি এবং ৮৪ দিন ক্লাস করিয়ে এইচএসসি নেয়ার পরিকল্পনা করেছিল। কিন্তু করোনার কারণে সে পরিকল্পনাও ভেস্তে যেতে বসেছে।
এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (মাউশি) সচিব মো. মাহবুব হোসেন জানান দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে আগের সিদ্ধান্ত অনুযায়ী সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।
শিক্ষা সচিব বলেন, দেশের পরিস্থিতির উন্নতি হলে আগামী ২৩ মে স্কুল-কলেজ খুলে দেওয়া হবে। আমাদের আগের ঘোষণা অনুযায়ী যে সিদ্ধান্ত ছিল তা এখনো বহাল রয়েছে। এটি বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

