জুনে সীমিত পরিসরে স্কুল-কলেজ খোলার প্রস্তুতি শুরু
নিউজ ডেস্কঃ মহামারি করোনাভাইরাসের কারণে বিশ্ববিদ্যালয় এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ২৯ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে আগামী জুন মাস থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি সম্পন্ন করতে চায় শিক্ষা মন্ত্রণালয়।
ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে জেলা ও উপজলা শিক্ষা অফিসের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরকে (মাউশি) মাঠ পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের সর্বশেষ অবস্থা জানাতে বলা হয়েছে।
কেননা চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিতে হলে কমপক্ষে আড়াই থেকে তিন মাস সশরীরে ক্লাস করাতে হবে পরীক্ষার্থীদের। সেই লক্ষ্যে জুনের মধ্যে অন্তত পরীক্ষার্থীদের জন্য হলেও শিক্ষাপ্রতিষ্ঠান সীমিতে পরিসরে খুলে দেয়ার চিন্তাভাবনা করা হচ্ছে।
গত মঙ্গলবার (১৮ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ ইছমত উল্লাহ স্বাক্ষরিত এ সংক্রান্ত এক চিঠিতে এ তথ্য জানতে চাওয়া হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, বৈশ্বিক মহামারি করোনাভাইরাস মোকাবিলায় শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রহণ করা সকল কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি সংক্রান্ত তথ্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে। মঙ্গলবারের মধ্যে সংশ্লিষ্ট বিভাগের সমন্বয় শাখায় মন্ত্রণালয়ের নির্ধারিত মেইলে এ তথ্য পাঠানোর নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
এ বিষয়ে মাউশির পরিচালক অধ্যাপক বেলাল হোসাইন গণমাধ্যমকে বলেন, আগামী ২৯ মে পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বৃদ্ধি করা হয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন কাজ শুরু করতে নির্দেশ দেয়া হবে। সরকার স্কুল-কলেজ খোলার ঘোষণা দিলে শিক্ষার্থীদের উপস্থিতিতে সশরীরে ক্লাস কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি।
এর আগেই অবশ্য শিক্ষা বোর্ডগুলো জানিয়েছে যে, চলতি বছরে বিনা পরীক্ষায় কোনো শিক্ষার্থীকে পাস (অটোপাস) দেয়ার চিন্তা নেই। যেকোনোভাবেই হোক সংক্ষিপ্ত সিলেবাসে হলেও পরীক্ষা নেয়ার পক্ষে মত দিয়েছে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলো। আর এ জন্যই স্কুল-কলেজের শুধু এসএসসি ও এইচএসসি পরীক্ষাদের ক্লাস করার জন্য শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে।
উল্লেখ্য গত এক বছরেরও বেশি সময়ে কয়েক দফাতে বাড়ানো হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি। তবে সর্বশেষ দেশে করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় আগামী ২৩ মে থেকে স্কুল-কলেজ ও ২৪ মে বিশ্ববিদ্যালয় খোলার ঘোষণা দিয়েছিল সরকার। তবে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় আরেক দফায় ছুটি বাড়িয়ে আগামী ২৯ মে পর্যন্ত করা হয়েছে।

