বেরোবিতে শিক্ষকদের অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা শুরু

রংপুরে অবস্থিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের(বেরোবি) শিক্ষকবৃন্দের মধ্যে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা সপ্তাহের শুরু হয়েছে।

আজ রবিবার(২৮ ফেব্রুয়ারি) বিকেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়াতে এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা চলবে আগামী ৫ মার্চ পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষক সমিতির সভাপতি ড. আর এম হাফিজুর রহমানের সভাপতিত্বে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো: মতিউর রহমান এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. তাজুল ইসলাম।

সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আজমাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তাবিউর রহমান প্রধান। অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা আয়োজক কমিটির সদস্য সচিব দেলোয়ার হোসেনের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন আয়োজক কমিটির আহবায়ক অধ্যাপক ড. মোঃ মোরশেদ হোসেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. আর এম হাফিজুর রহমান বলেন, শিক্ষক সমিতি আয়োজিত এই ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষকদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি করবে।’ তিনি শিক্ষক সমিতির পক্ষ থেকে সবার কাছে সহযোগিতা কামনা করেন এমন আয়োজন করার জন্য।

সপ্তাহব্যাপী এই আয়োজনের জন্য শিক্ষকদের জন্য টেবিল টেনিস, ক্যারম, দাবা, ব্যাডমিন্টন, কার্ড, লুডু ও ভলিবল খেলার আয়োজন রাখা হয়েছে।

  •  
  •  
  •  
  •