রাবিতে খেলার মাঠে শিক্ষার্থী ও বহিরাগতদের মধ্যে হাতাহাতি

রাবি প্রতিনিধি:
ক্রিকেট খেলাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বহিরাগতদের হাতাহাতির ঘটনা ঘটেছে। সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের সাবাশ বাংলাদেশ মাঠে এ হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আতাউল্লাহ, এহসান, মিনহাজ ও হুসাইন আহত হয়েছেন। এছাড়াও এ ঘটনায় নগরীর ধরমপুর এলাকার বাসিন্দা মেসি ও নাইম নামের স্থানীয় দুইজনের নাম জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে সাবাশ বাংলাদেশ মাঠে ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষ এবং প্রথম বর্ষের শিক্ষার্থীদের মধ্যে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ খেলা হচ্ছিলো। এসময় তাদের খেলার পিচের মধ্যে এসে অহেতুক ঢিল ছোঁড়াছুড়ি এবং নানা ধরণের সমস্যা সৃষ্টি করছিলো ১০/১২ জন স্থানীরা। এই বিষয়টি নিয়ে শিক্ষার্থীরা ঢিল ছুঁড়তে নিষেধ করলে তারা কোন তোয়াক্কা না করে ঢিল ছোঁড়ার পুনরাবৃত্তি করতেই থাকে। শিক্ষার্থীরা এ ঘটনার পুনরাবৃত্তি করতে নিষেধ করা হলে স্থানীয়রা ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় বিভাগের শিক্ষার্থী আতউল্লাহ, এহসান, মিনহাজ ও হুসাইনকে মারধর করে। পরে দু’পক্ষের মাঝে পাল্টাপাল্টি হাতাহাতি হয়। এক পর্যায়ে স্থানীয়রা সেখান থেকে চলে যায়।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, মাঝে মাঝেই আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বহিরাগতরা মারধর করে যাচ্ছে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কোন ধরনের পদক্ষেপ নিচ্ছে না। বরং বিশ্ববিদ্যালয় প্রশাসন বারবার আশ্বাস দিয়ে যাচ্ছে। এসব ঘটনার সমাধান কবে হবে আমার জানতে চাই।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান সাংবাদিকদের বলেন, এ বিষয়ে শিক্ষার্থীরা আমার কাছে লিখিত অভিযোগ দিয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় যারা মারধর করেছে তাদের সনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মাঠ বরাদ্ধের নেয়ার বিষয়ে তিনি বলেন, এখন থেকে প্রতিটি মাঠ নজরদারিতে রাখা হবে। অনুমতি ছাড়া কোনো শিক্ষার্থী মাঠে যাতে খেলতে না পারে সে ব্যবস্থা নেওয়া হবে।

  •  
  •  
  •  
  •