রাবিতে চিহ্ন মেলা শুরু হচ্ছে ৭ মার্চ

আসাদুজ্জামান রিফাত, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী চিহ্ন মেলা ‘বিশ্ববাংলা-২০১৬’ শুরু হচ্ছে আগামী ৭ মার্চ। এ মেলায় দেশ ও দেশের বাহিরের ১১০টি ছোটকাগজের স্টল ও তিন শতাধিক লেখক-সম্পাদক উপস্থিত থাকবেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত সাহিত্য পত্রিকা চিহ্ন তৃতীয় বারের মতো এ মেলার আয়োজন করেছে।

এ মেলাতে সাহিত্যের সৃজনশীল ও মননশীল শ্রেণিতে দুজন সাহিত্যিককে চিহ্ন পুরস্কার ও ছোটকাগজ সম্মাননা-২০১৬ প্রদান করা হবে। এ ছাড়াও বাংলাদেশ ও ভারতের ৭টি ছোটকাগজকে চিহ্ন ছোটকাগজ সম্মাননা প্রদান করা হবে। আগামী ৭ ও ৮মার্চ বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলাভবনের চত্বরে এ মেলার অুনষ্ঠিত হবে।

বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডিনস ভবনের শিক্ষক লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে নিহ্ন নির্বাহী রহমান রাজু বলেন, ৭ মার্চ সকাল ১০টায় শহীদুল্লাহ কলা ভবনের সামনে মেলা উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এমেরিটাস ও লেখক আনিসুজ্জান এবং সেলিনা হোসেন।

এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন, উপ-উপাচার্য অধ্যাপকক চৌধুরী সারওয়ার জাহান, কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, অর্থনীতিবিদ অধ্যাপক সনৎকুমার সাহা উপস্থিত থকবেন। এর পর লেখক-পাঠক ও সম্পাদকদের সম্মিলিত উপস্থিতিতে একটি শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করবে। পরে ১১টায় ‘বাঙালিল চোখে শীর্ষ বাঙালি’ শীর্ষক আড্ডা, বিকেল ৩টায় স্বননের সাত মার্চের কবিতা আবৃত্তি, ৪টায় লেখক-পাঠক-সম্পাদকদের শিরোনামহীন আড্ডা, বিকেল সাড়ে পাঁচ টায় কবিকণ্ঠে কবিতা পাঠ-১ এবং সন্ধ্যা সাড়ে সাত টায় গান-আড্ড অনুষ্ঠিত হবে।

মেলার দ্বিতীয় দিনে ৮মার্চ সকাল সাড়ে ৯টায় কথাপ্রসঙ্গে : লেখক-সম্পাদকদের অভিব্যক্তি, বেলা সাড়ে ১২টায় কবিকণ্ঠে কবিতা পাঠ-২, ৩টায় কবিতা পাঠ-২, ৪টায় কবিকণ্ঠে কবিতা পাঠ-৩, সন্ধ্যা সাড়ে ৬টায় চিহ্ন পুরস্কার ও ছোটকাগজ সম্মাননা-২০১৬ প্রদান করা হবে।

সংবাদ সম্মেলনে চিহ্ন প্রধান শহীদ ইকবাল বলেন, ‘চিহ্ন এ মেলার মাধ্যমে প্রান্তিক এলাকার সাহিত্যিকদের তুলে আনার একটা চেষ্টা। এ মেলায় ১১০টি স্টলের মধ্যে পশ্চিম বাংলা থেকে ২৮ টি ছোটকাগজ এবং ৫৬ জন সম্পাদক-সহসম্পাদকসহ লেখকরা অংশগ্রহণ করবেন। মেলাতে দেশের প্রায় সব জেলা থেকে স্টল থাকবে।’

এর আগে দুইবার ২০১১ সালে ও ২০১৩ সালে এ মেলার আয়োজন করা হয়। সাহিত্য পত্রিকা চিহ্ন ২০০০ সালে প্রথম প্রকাশিত হয়। লেখালেখি ছাড়াও এখানে ধারাবাহিক পাঠচক্র, রবিবারের আড্ডা বিভিন্ন ধরনের কাজ করে থাকে। গত ১৬ বছরে চিহ্ন ৩০ টি সংখ্যা বের করেছে। সর্বশেষ চলতি বছরের ফেব্রুয়ারিতে বই মেলাতে ৩০তম সংখ্যা বের করা হয়।

  •  
  •  
  •  
  •