স্বাস্থ্যবিধি মেনে এইচএসসি পরীক্ষা

শিক্ষা ডেস্কঃ করোনা মহামারীতে গত ১৫ মাস ধরে বন্ধ রয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান। গত বছরের এইচএসসি, জেএসসি ও প্রাথমিক সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। তবে স্বাস্থ্যবিধি মেনে সব কেন্দ্রে ২০২১ সালের এইচএসসি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। ইতিমধ্যে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। এ পরীক্ষার নতুন কেন্দ্র স্থাপন ও কেন্দ্র পরিবর্তনের আবেদন গ্রহণ শুরু করেছে ঢাকা বোর্ড। ১ জুন থেকে শুরু হওয়া এ আবেদন চলবে ৩০ জুন পর্যন্ত। ঢাকা শিক্ষা বোর্ড বিজ্ঞপ্তিতে বলেছে, ২০২১ সালের এইচএসসি পরীক্ষা তালিকাভুক্ত সব কেন্দ্রকে কোভিড স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নিতে হবে।

১ জুন ঢাকা শিক্ষা বোর্ড থেকে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নতুন কেন্দ্র স্থাপন ও কেন্দ্র পরিবর্তনের বিষয়ে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, ২০২১ সালে অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষার জন্য নতুন কেন্দ্র স্থাপন এবং কেন্দ্র পরিবর্তনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ৩০ জুনের মধ্যে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর আবেদন করতে হবে।

ইতিপূর্বে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান ২০২১ সালের এইচএসসি পরীক্ষার নতুন কেন্দ্র অথবা কেন্দ্র পরিবর্তনের আবেদন করেছে, তাদের নির্ধারিত ছকে পুনরায় আবেদন করতে হবে। নতুন কোন ভেন্যু কেন্দ্র দেওয়া যাবে না। ২০২১ সালের এইচএসসি পরীক্ষা তালিকাভুক্ত সব কেন্দ্রকে কোভিড স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নিতে হবে বলেও নির্দেশনায় বলা হয়েছে। এদিকে এরই মধ্য এইচএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে। সিলেবাস প্রকাশের পর শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর ৮৪ দিন ক্লাস করিয়ে এইচএসসি পরীক্ষা নেওয়া হবে।

  •  
  •  
  •  
  •  

Tags: , ,