সিকৃবির উপাচার্যের বাসায় ডাকাতির চেষ্টা: প্রতিবাদে মানববন্ধন
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসায় ডাকাতির চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা- উপাচার্যের বাসায় ডাকাতির চেষ্টার সাথে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা উপাচার্যের বাসার নিরাপত্তা আরো বৃদ্ধির দাবি জানিয়ে বলেন- বিশ্ববিদ্যালয়ের উন্নয়নকে বাধাগ্রস্থ করতে কেউ ডাকাতির নামে কোন মহল ষড়যন্ত্র করছে কি-না তাও খতিয়ে দেখতে হবে।
সিকৃবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ নূর হোসেন মিয়ার সঞ্চালনায় মানবন্ধনে বক্তব্য রাখেন রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল বাসেত, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান হাওলাদার, গণতান্ত্রিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. জীবন কৃষ্ণ সাহা, সাদাদলের সভাপতি অধ্যাপক ড. মো. সিদ্দিকুল ইসলাম, অফিসার পরিষদের সভাপতি মো. ছানোয়ার হোসেন মিয়া, সিকৃবি ছাত্রলীগের সভাপতি ডা. শামীম মোল্লা, সাধারণ সম্পাদক হৃত্বিক দেব, কর্মচারী সমিতির সভাপতি সুরুক মিয়া প্রমুখ।
প্রসঙ্গত, গত মঙ্গলবার দিবাগত রাতে কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসায় একদল ডাকাত প্রবেশের চেষ্টা করে। এসময় বাসার নিরাপত্তাপ্রহরীরা বাধা দিলে তাদের কয়েকজনকে কুপিয়ে আহত করে ডাকাতরা।

