গভীর রাতে পরীক্ষার নোটিশ পাবিপ্রবিতে
শিক্ষা ডেস্কঃ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে পরীক্ষা আয়োজনের নোটিশ দিয়েছে একটি বিভাগ। বিষয়টি নিয়ে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বইছে। সংশ্লিষ্ট বিভাগের পরীক্ষা কমিটির সভাপতি দীপংকর কুন্ডু স্বাক্ষরিত এক নোটিশ থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্যাডে গত ১২ জুন একটি নোটিশ দেওয়া হয়।
সেখানে উল্লেখ করা হয়েছে, ওই বিভাগের ২০১৫-২০১৬ সেশনের ৪র্থ বর্ষ ১ম সেমিস্টারের তাত্ত্বিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সকলকে যথা সময়ে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হলো।
এতে জানানো হয়েছে, আগামী ২৩ জুন কোর্স নং ইইই-৪১২১, ২৮ জুন ইইই-৪১৩৫, ৩ জুলাই ইইই-৪১০৯, ৭ জুলাই ইইই-৪১০১ এবং ১৩ জুলাই ইইই-৪১০৩ কোর্সের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষা রুটিন মোতাবেক রাত সাড়ে ১০ টায় শুরু হবে এবং শেষ হবে দেড়টায়।
নোটিশপ্রাপ্তির পর পরই ওই বিশ্ববিদ্যালয়ের একটি ফেসবুক পেজ ‘পাবিপ্রবি ক্যাম্পাস আমাদের ক্যাম্পাস’ এ শিক্ষার্থীরা বিভিন্ন মন্তব্য করে পোস্ট দিতে থাকেন।
ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৫-২০১৬ সেশনের ৪র্থ বর্ষ ১ম সেমিস্টারের তাত্ত্বিক পরীক্ষা কমিটির সভাপতি দীপংকর কুন্ডু সাতে মুঠোফোনে কথা হলে তিনি বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, এটি ভুলবশত টাইপিং মিসটেক হয়েছে। সময় ঠিক করে দেওয়া হবে।
কীভাবে এত বড় ধরনের ভুল হলো? জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।
পাবিপ্রবি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান দীলিপ কুমার সরকারের মুঠোফোনে কয়েকবার চেষ্টা করেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

